বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৯, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ

শীতের আগমনে যশোরে গুড় উৎপাদনের প্রস্তুতি

শীতের আগমনে যশোরে গুড় উৎপাদনের প্রস্তুতি

যশোরে শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় তৈরির কর্মযজ্ঞ শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় খেজুরগাছ পরিচর্যা, গাছের মাথি প্রস্তুত, হাঁড়ি বা ভাঁড় বসানো এবং রস সংগ্রহের প্রাথমিক কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে জেলায় প্রায় ১২৯ কোটি ১৫ লাখ টাকার খেজুরের গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি এই মৌসুমি উৎপাদন গ্রামীণ কর্মসংস্থান ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে পেশাগত ঝুঁকি, শারীরিক দুর্ভোগ এবং নতুন প্রজন্মের অনাগ্রহে ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে গাছিদের ভবিষ্যৎ।
খেজুরের গুড় তৈরির পেছনে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও কঠোর পরিশ্রম। কোমরে শক্ত দড়ি বেঁধে খেজুরগাছ বেয়ে ওপরে ওঠা, বিশেষ যন্ত্র দিয়ে গাছের মাথা চেঁছে রস বের হওয়ার ব্যবস্থা করা এবং নিচে বাঁধা ভাঁড়ে সেই রস সংগ্রহ—সবকিছুই করতে হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে। সামান্য অসাবধানতায় ঘটতে পারে বড় দুর্ঘটনা। অথচ এই ঝুঁকিপূর্ণ শ্রমের বিনিময়েই শীতের সকালে মানুষের ঘরে পৌঁছে যায় সুস্বাদু খেজুরের রস, ঝোলা গুড় ও পাটালি।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৬-২৭ মৌসুমের জরিপ অনুযায়ী, জেলায় মোট খেজুরগাছের সংখ্যা ২২ লাখ ৪৪ হাজার ১৭৩টি। এর মধ্যে পূর্ণবয়স্ক গাছ ৩ লাখ ৪৫ হাজার ৪০৩টি, পাঁচ বছরের কম বয়সী গাছ ১৩ লাখ ৩৬৬টি এবং পাঁচ থেকে দশ বছর বয়সী গাছ রয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৪৭৪টি। রস সংগ্রহের উপযোগী গাছের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৯০৮টি।
জরিপে আরও বলা হয়েছে, গুড় উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত গাছির সংখ্যা ৬ হাজার ১৮৮ জন এবং রস ও গুড় উৎপাদনে সম্পৃক্ত কৃষকের সংখ্যা ১৬ হাজার ৩১৮ জন। প্রতি গাছে গড়ে ১০৫ লিটার রস পাওয়া গেলে মোট রস সংগ্রহের পরিমাণ দাঁড়াবে ৩ কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৩৪০ লিটার। এ পরিমাণ রস থেকে আনুমানিক ৩ হাজার ১৫০ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি গুড়ের সম্ভাব্য বাজারমূল্য ৪১০ টাকা ধরে মোট উৎপাদনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ১২৯ কোটি ১৫ লাখ টাকা।
জেলার আটটি উপজেলা—যশোর সদর, চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও শার্শায় খেজুরের রস সংগ্রহ এবং গুড় তৈরির প্রস্তুতি চলছে। এর মধ্যে চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রাম ও মাঠে ইতোমধ্যে গাছ প্রস্তুতের কাজ শুরু হয়েছে।
সম্প্রতি কুয়াশায় ঢাকা এক সকালে চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশের গাছ থেকে শুরু করে মাঠের খেজুরগাছগুলোতে চলছে গাছ কাটার প্রস্তুতি। কোথাও কোথাও ঝুলছে রস সংগ্রহের ভাঁড়। তবে মৌসুমের শুরু হওয়ায় তখনো সব গাছে পুরোদমে রস আহরণ শুরু হয়নি। স্থানীয় গাছিদের প্রত্যাশা, পৌষ ও মাঘ মাসে রসের প্রবাহ বাড়বে এবং তখন উৎপাদনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
সঞ্চডাঙ্গা গ্রামের পশ্চিম মাঠে কথা হয় দেবলা গ্রামের প্রবীণ গাছি আব্দুর রাজ্জাকের সঙ্গে। ৬৫ বছর বয়সী রাজ্জাক ১৩ বছর বয়স থেকেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে যুক্ত। এ মৌসুমে তিনি দুই পোন অর্থাৎ প্রায় ১৬০টি গাছ প্রস্তুত করেছেন। এর অধিকাংশই বর্গা নেওয়া। চলতি মৌসুমে এসব গাছ থেকে ৩৫ থেকে ৪০ মণ গুড় ও পাটালি উৎপাদনের আশা করছেন তিনি।
নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে রাজ্জাক বলেন, এখনকার তরুণেরা এই পেশায় আসতে চায় না। গাছে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আবার দীর্ঘ সময় কোমরে দড়ি বেঁধে কাজ করায় শারীরিক যন্ত্রণাও সহ্য করতে হয়। তাঁর আশঙ্কা, বর্তমান প্রজন্মের প্রবীণ গাছিরা একে একে কর্মক্ষমতা হারালে এই ঐতিহ্যবাহী পেশা ধরে রাখার মতো মানুষ পাওয়া কঠিন হয়ে পড়বে।
তিনি জানান, উপজেলার গুড় মেলায় অংশ নিয়ে দুইবার গাছি হিসেবে পুরস্কার পেয়েছেন। একবার পেয়েছেন ১০ হাজার টাকা, অন্যবার উপহারসামগ্রী। তবে গাছিদের বাস্তব সমস্যার সমাধানে আরও উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর দাবি, গাছিদের জন্য কোমরের সুরক্ষাসামগ্রী, উন্নত কর্মোপযোগী যন্ত্রপাতি, চিকিৎসাসেবা এবং সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করা জরুরি।
একই গ্রামের আনোয়ার হোসেনও দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ছোটবেলায় বাবার সঙ্গে কাজ শুরু করে প্রায় ৪০ বছর ধরে রস সংগ্রহ ও গুড়-পাটালি তৈরি করছেন তিনি। এবার ৬০টি গাছ কেটেছেন। আগে দেড় থেকে দুই পোন গাছ কাটলেও বয়স ও শ্রমের বিষয় বিবেচনায় এখন গাছের সংখ্যা কমিয়ে দিয়েছেন।
আনোয়ার হোসেনের মতে, খেজুরের গুড় উৎপাদন এখনো লাভজনক একটি মৌসুমি উদ্যোগ। বাজারে এক ভাঁড় রস ২৫০ থেকে ৩০০ টাকা এবং প্রতি কেজি গুড় ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা যায়। উৎপাদন ও জ্বালানি খরচ বাদ দিয়েও ভালো আয় করার সুযোগ রয়েছে। কিন্তু এত সম্ভাবনা থাকা সত্ত্বেও নতুন প্রজন্মের মধ্যে এই পেশার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে না।
বাঘারদাড়ি গ্রামের লিয়াকত আলী, আন্দারকোটা গ্রামের মিঠু, আলী আরজান ও আলম এবং ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের মিন্টু মোল্লা ও বাবুও এ মৌসুমে খেজুরগাছ প্রস্তুত করেছেন। তাঁদের ভাষ্য, ইতোমধ্যে কিছু গাছে রস আসতে শুরু করেছে। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে গাছের ভেতরের অবস্থা ও রসের প্রবাহে প্রভাব পড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে রসের পরিমাণ বাড়বে বলে তাঁরা আশা করছেন।
গাছিদের দাবি, আধুনিক প্রযুক্তি ও নিরাপদ সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করা গেলে এই পেশার কষ্ট অনেকটাই কমানো সম্ভব। কোমরে দড়ি বেঁধে ঝুঁকিপূর্ণভাবে গাছে ওঠার পরিবর্তে নিরাপদ গাছ কাটার যন্ত্র, সুরক্ষাব্যবস্থা এবং উন্নত রস সংগ্রহ প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি অসুস্থ ও বয়স্ক গাছিদের জন্য বিশেষ চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করার দাবি জানিয়েছেন তাঁরা।
স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল কদর জানান, কয়েকজন গাছিকে বয়স্কভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে গাছিদের জীবনমান উন্নয়নে আরও পরিকল্পিত সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, খড়িঞ্চা নওদাপাড়ার প্রবীণ গাছি আব্দুল লতিফ একসময় প্রতিবছর শতাধিক খেজুরগাছ কাটতেন। কিন্তু গাছে ওঠার সময় কোমরে আঘাত পাওয়ার পর এখন আর আগের মতো কাজ করতে পারেন না। বর্তমানে জীবিকার তাগিদে দানবাক্সের বাজারে সবজি বিক্রি করছেন। তাঁর মতে, খেজুরগাছ ও গুড়ের ঐতিহ্য রক্ষায় গাছিদের পাশে দাঁড়ানো এবং সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো অপরিহার্য।
এদিকে যশোরের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃত খেজুরের গুড়ের ঐতিহ্য সংরক্ষণে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন এসটিই ইনিশিয়েটিভ। ২০২০ সাল থেকে সংগঠনটি খেজুরগাছ রোপণ, গাছিদের জীবনমান উন্নয়ন এবং গুড় উৎপাদনের সম্ভাবনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, তথ্য সংগ্রহ ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংগঠনটির সভাপতি আবু বকর জানান, ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে খেজুরগাছ সংরক্ষণ নিয়ে কাজ শুরু করলেও প্রথমদিকে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেননি। এমনকি কেউ কেউ উদ্যোগটিকে হাস্যকর বলেও মন্তব্য করেছেন। তবে পরবর্তী সময়ে গবেষণা ও তথ্য-উপাত্তের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর খেজুরগাছ সংরক্ষণ ও গাছিদের উন্নয়নে সরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আগ্রহ তৈরি হয়।
আবু বকরের মতে, খেজুরগাছ রোপণ কর্মসূচি জোরদার করার পাশাপাশি প্রকৃত গাছিদের অগ্রাধিকার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে। যশোরে একটি বাংলাদেশ গুড় উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা গেলে উৎপাদন, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ, গবেষণা ও বাজারজাতকরণে সমন্বিত পরিকল্পনা গ্রহণ সম্ভব হবে। এতে একদিকে ঐতিহ্য রক্ষা পাবে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতাও বাড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন জানান, খেজুরগাছ সংরক্ষণ এবং গাছিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কৃষি বিভাগের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। এ খাতের উৎপাদন ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, খেজুরগাছ ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। রস ও গুড় সংরক্ষণ, গাছিদের সহায়তা এবং উৎপাদিত গুড়ের বাজারজাতকরণ নিয়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে রস ও গুড় উৎপাদনের ওপর নির্ভরশীল প্রায় ৩০০ গাছির তালিকা প্রস্তুত করা হয়েছে। তাঁদের বিশেষ সরকারি প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাছিদের উন্নয়ন ও খেজুরগাছ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। তাঁর মতে, খেজুরের গুড় উৎপাদন থেকে সম্ভাব্য শতকোটি টাকার বেশি অর্থ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, নতুন উদ্যোক্তা তৈরি, গুড়ের বাজার সম্প্রসারণ এবং নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্যের সুনাম ও মান অক্ষুণ্ণ রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী, কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
যশোরের খেজুরের গুড় শুধু একটি কৃষিপণ্য নয়; এটি এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, গ্রামীণ জীবন ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। শীতের সকালে খেজুরের রসের স্বাদ কিংবা গুড়-পাটালির ঘ্রাণের সঙ্গে জড়িয়ে আছে বহু প্রজন্মের স্মৃতি। অথচ এই ঐতিহ্যের প্রধান কারিগর গাছিরাই আজ নানা সংকটে দিন কাটাচ্ছেন। তাই শুধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ কিংবা গুড়ের বাজারমূল্য হিসাব করলেই চলবে না; যাঁদের শ্রম ও দক্ষতায় এই ঐতিহ্য টিকে আছে, তাঁদের নিরাপত্তা, চিকিৎসা, সামাজিক মর্যাদা ও ন্যায্য জীবিকা নিশ্চিত করতে হবে। অন্যথায় শতকোটি টাকার সম্ভাবনা থাকলেও একসময় হারিয়ে যেতে পারে যশোরের খেজুরের রস ও গুড় তৈরির সেই চিরচেনা ঐতিহ্য।

জেমস আব্দুর রহিম রানা :