নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। এসব ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি পুনরুজ্জীবিত করার অপচেষ্টা এবং একটি প্রভাবশালী সিন্ডিকেটের অর্থায়নের অভিযোগ উঠেছে। বিশেষ করে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ‘আন্ডা রফিক’ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে অর্থ জোগানোর অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। উপজেলার পূর্বাচল উপশহরের ছমু মার্কেট এলাকার ৩০০ ফুট সড়কে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।
কর্মসূচিতে অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায় থেকে সাধারণ জনগণ ও নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছমু মার্কেট এলাকায় সমবেত হন। পরে সেখানে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, গত ৯ নভেম্বর গভীর রাতে রূপগঞ্জের একটি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে । এসব ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কারা অর্থায়ন করেছে, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগের তির উঠেছে রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক সহ সাবেক আওয়ামীলের এমপি গোলাম দস্তগীর গাজীর ছেলে পাপ্পা গাজী, কামরুজ্জামান হীরা সহ এদের সহযোগীদের দিকেও।
স্থানীয় সূত্র ও বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদ অনুযায়ী, রফিকুল ইসলাম একসময় রাজধানীতে ডিমের ব্যবসা করতেন। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার বলয়ে উঠে আসেন আলোচনায়। ২০১৬ সালে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাঁর প্রভাব-প্রতিপত্তি বাড়তে থাকে বলে স্থানীয়দের দাবি।
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে।
এ ছাড়া রফিকুল ইসলাম ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাংকঋণ, অর্থপাচার ও আর্থিক অনিয়মের অভিযোগে ৮৭৮ কোটি টাকার মানিলন্ডারিং মামলার বিষয়টিও আলোচনায় এসেছে। কক্সবাজারের রামাদা বাই উইন্ডহাম হোটেল, যমুনা ফিউচার পার্কের বাণিজ্যিক জায়গা এবং বিভিন্ন সম্পদে বিনিয়োগ নিয়ে তদন্তের বিষয়েও বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
রূপগঞ্জের নাওড়া ও কায়েতপাড়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও বিরোধ চলে আসছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ গ্রামবাসীর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকের জমিও প্রভাব খাটিয়ে দখল করা হয়েছে। মসজিদ, মাদরাসা, ঈদগাহ, কবরস্থান ও সরকারি খাসজমি নিয়েও অভিযোগ রয়েছে।
সম্প্রতি নাওড়া পশ্চিমপাড়ায় আহলে হাদিস জামে মসজিদের জমি ও সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে স্থানীয় বাসিন্দা এবং বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত মালিকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবারের প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আমিরুল ইসলাম ইমন, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, বিএনপি নেতা আবু মোহাম্মদ মাসুম ও নুরুন্নবী ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।
সভায় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, “এই রক্ত, এই আত্মত্যাগ, এই সংগ্রাম কোনো কিছুই বৃথা যেতে দেব না। অন্যায়ের কাছে মাথা নত করা নয়, বরং অধিকার আদায়ে বুক চিতিয়ে দাঁড়ানোই আমাদের পরিচয়। ইনশাআল্লাহ, বাংলার মাটিতে আমরা কখনো হার মানব না। যত বাধাই আসুক, সত্য ও ন্যায়ের পথে আমাদের যাত্রা থেমে থাকবে না।”
বক্তারা রূপগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে বাসে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল, জমি দখল ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক প্রভাব কিংবা অর্থবিত্তের দাপট নয়, বরং সুষ্ঠু তদন্ত ও আইনের শাসনের মাধ্যমে রূপগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে এবং খুব দ্রুত আনডা রফিক কে গ্রেফতার করতে হবে ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা:

