বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৮, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা ও গুলি, ট্রান্সফরমারে আগুন

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা ও গুলি, ট্রান্সফরমারে আগুন

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পরপর দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতে দায়িত্ব পালনকারী কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সর্বশেষ শনিবার গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে হামলা চালায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। এ সময় তারা কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপের পাশাপাশি তিন রাউন্ড গুলি ছোড়ে। তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। তবে দায়িত্বরত কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাত দুইটার দিকে মতিহার থানার খড়খড়ি এলাকায় অবস্থিত পবা-২ উপকেন্দ্রের (অভিযোগ কেন্দ্র) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে গানপাউডার ছিটিয়ে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলি চালায়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। হামলার পর ঘটনাস্থলে তিনটি বিস্ফোরিত পেট্রোল বোমার পাশাপাশি চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমা পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে। এদিকে হামলার সময় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে গেলে সেখানে দায়িত্বরত লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে। বর্তমানে ওই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পরপর দুই দিনের এ ঘটনায় উপকেন্দ্রের নিরাপত্তা এবং রাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।