ওমরাহ হজযাত্রীদের সৌদি আরবে যাতায়াতের টিকিট দেওয়ার কথা বলে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মো. রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা।
পিবিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানার ফিনলে আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি একটি ফ্ল্যাটের বাথরুমের ফলস ছাদের নিচে লুকিয়ে ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী মো. আল আমিনের সঙ্গে ওমরাহ যাত্রীদের বিমান টিকিট সরবরাহের জন্য ছয়জনের একটি চক্রের ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়। এ চুক্তির ভিত্তিতে আল আমিন বিভিন্ন সময়ে রবিউলের ব্যাংক হিসাবে ১ কোটি ৯৫ লাখ ৮৭০ টাকা পাঠান।
অভিযোগ অনুযায়ী, চুক্তি ভঙ্গ করে চক্রটি কয়েকজন যাত্রীকে অসম্পূর্ণ টিকিট সরবরাহ করে এবং বাকি ১৬৯টি টিকিট না দিয়ে টাকা আত্মসাৎ করে। এতে সব মিলিয়ে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন আল আমিন।
পিবিআই জানায়, দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে রবিউলের নামে বিভিন্ন ব্যাংকের নয়টি হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের তথ্যও মিলেছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আদালতে আরও আটটি মামলার তথ্য পাওয়া গেছে।
গত ২৭ নভেম্বর দুই দিনের রিমান্ড শেষে রবিউলকে আদালতে পাঠানো হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পিবিআইয়ের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

