বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৬, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ

তিরুপতি মন্দিরে ২০৬ কোটি রুপির স্বর্ণ ও হীরার অলংকার দান জৈন দম্পতির

তিরুপতি মন্দিরে ২০৬ কোটি রুপির স্বর্ণ ও হীরার অলংকার দান জৈন দম্পতির

ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে ২০৬ কোটি রুপি মূল্যের ১২১ কেজি স্বর্ণ ও হীরাখচিত অলংকার দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশে এসব মূল্যবান অলংকার দান করা হয়।
বর্ধমান ও রাধিকা জৈন নামের ওই দম্পতি আনুষ্ঠানিকভাবে তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) পুরোহিত ও প্রতিনিধিদের হাতে অলংকারগুলো তুলে দেন। দান করা সামগ্রীর মধ্যে রয়েছে হীরাখচিত স্বর্ণের গয়নাও। মন্দিরের ইতিহাসে এটিকে অন্যতম উল্লেখযোগ্য দান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভগবান ভেঙ্কটেশ্বরকে ২০৬ কোটি রুপি মূল্যের স্বর্ণালংকার দান করা ব্যতিক্রমী ঘটনা। দেবতার প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস থেকেই ওই দম্পতি এমন উদ্যোগ নিয়েছেন। ঐতিহাসিক এই মুহূর্তের অংশ হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

নাইডু আরও জানান, দম্পতি তাকে বলেছেন, দৈব অনুপ্রেরণা থেকেই তারা এই দান করেছেন। এ সময় তিনি শ্রী কৃষ্ণদেবরায়, পল্লব, চোল, চের, পাণ্ড্য, মহীশূর ও মারাঠা শাসকদের অবদানের কথা স্মরণ করেন। যুগে যুগে ভক্ত ও শাসকদের অবদানে তিরুপতি মন্দির সমৃদ্ধ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিজের জীবনের একটি ঘটনার স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী বলেন, আলিপিরি বোমা হামলা থেকে বেঁচে ফেরার পেছনে ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। দেবতার কৃপায়ই তিনি নতুন জীবন পেয়েছেন।

এ ছাড়া টিটিডির সহায়তায় অন্ধ্রপ্রদেশজুড়ে পাঁচ হাজার মন্দির নির্মাণ এবং ‘বৃক্ষ গোবিন্দম’ উদ্যোগের কথা তুলে ধরেন নাইডু। একই সঙ্গে বিত্তবানদের ওই দম্পতির দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানান। তাঁর মতে, ‘মানব সেবাই মাধব সেবা’ আদর্শে অনুপ্রাণিত হয়ে সম্পদ সমাজকল্যাণ ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ব্যয় করা উচিত।

সূত্র: এনডিটিভি