বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৬, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ

প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত প্রক্রিয়ায় বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রয়োজনে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে তাকে দেশে আনা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষায়, শেখ হাসিনা এখন গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রত্যর্পণ চুক্তি ও শেখ হাসিনা প্রসঙ্গ

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিষয়টি পরিষ্কার। ভ্রমণের ক্ষেত্রে সাধারণ বা বেসামরিক যাত্রী এবং অপরাধীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। শেখ হাসিনা অপরাধী শ্রেণির অন্তর্ভুক্ত হওয়ায় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে।

ভারতের কাছে পাঠানো অনুরোধের জবাব পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং ভারত সরকারের জবাবের অপেক্ষা করা হচ্ছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ছাড়াও দেশ থেকে লুটপাট ও হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং হাদির হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। প্রত্যর্পণ চুক্তি ও সদিচ্ছার নিদর্শন হিসেবে তাদেরও বাংলাদেশে ফেরত চায় সরকার।

ভিয়েনা কনভেনশনসহ বিভিন্ন আইনি প্রসঙ্গ তুলে বিষয়টি জটিল করার সুযোগ নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। শেখ হাসিনা এবং তার পরিবার ও দলের জন্য বাংলাদেশে আর কোনো জায়গা নেই।

ভারতের জন্য ‘অবাঞ্ছিত মেহমান’ শেখ হাসিনা

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের বক্তব্য মূলত প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা। তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।

শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান নিয়েও কঠোর মন্তব্য করেন হুমায়ুন কবির। তার দাবি, দুই হাজার মানুষ হত্যার পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই এবং তার রাজনৈতিকভাবে আর কিছু অবশিষ্ট নেই।

ভারতের ভূখণ্ডে শেখ হাসিনার অবস্থানকে একটি বিড়ম্বনা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাড়িতে কোনো মেহমান এসে অস্বাভাবিক আচরণ করলে তাকে বের করে দেওয়াও কঠিন, আবার সহ্য করাও কঠিন। শেখ হাসিনার অবস্থাও ভারতের জন্য তেমন হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন শুল্কনীতি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের ঘোষণা বাংলাদেশের পোশাকশিল্পে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণা ও বাণিজ্যনীতির গুরুত্বপূর্ণ অংশ এই শুল্ক ব্যবস্থা। তবে এটি শুধু বাংলাদেশের জন্য নয়, অনেক দেশের ক্ষেত্রেই প্রযোজ্য।

বাংলাদেশ যেসব বিষয়কে অযৌক্তিক মনে করছে, সেগুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানান তিনি। আগামী ২৫ জানুয়ারির গণশুনানিতে বাংলাদেশ নিজেদের যুক্তি তুলে ধরবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশ পোশাক তৈরি করে আবার সেই পোশাক যুক্তরাষ্ট্রেই রপ্তানি করে। তাই টেক্সটাইল খাতে শুল্ক ছাড়ের বিষয়ে দর-কষাকষির সুযোগ রয়েছে।

পশ্চিমবঙ্গের মন্ত্রীদের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না ঢাকা

১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি দিয়ে পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশের রাজনীতিতেই কিছু উন্মাদ ব্যক্তি থাকেন। বাংলাদেশের আনুষ্ঠানিক সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। জাতীয় পর্যায়েই দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তাই এ ধরনের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

নড়াইলে সংখ্যালঘুদের ওপর হামলার কথিত ঘটনা নিয়ে ভারতের উদ্বেগ ও তদন্ত দাবির বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি ঘটনাটিকে ভুয়া খবর (ফেক নিউজ) উল্লেখ করে সাংবাদিকতার মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। ভুয়া তথ্যের ভিত্তিতে সংবাদ ও শিরোনাম তৈরির প্রবণতারও সমালোচনা করেন তিনি।

ডিসেম্বরে আসবে শীত, জানুয়ারিতে শুল্ক শুনানি

ডিসেম্বরে কেউ দেশে ফিরবেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী রসিকতা করে বলেন, ডিসেম্বরে আর কেউ আসবে না, আসবে শুধু শীত। সবাইকে জাম্পার ও জ্যাকেট কিনে রাখার পরামর্শ দেন তিনি।

তবে বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরকে আনন্দের মাস উল্লেখ করে তিনি জানান, এ মাসে মালদ্বীপের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন।

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে ভারতের জবাবের অপেক্ষা

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া ও নবায়নের বিষয়ে হুমায়ুন কবির বলেন, চুক্তি নবায়ন অথবা নতুন চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ভারত সরকারের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্বচ্ছ ও উন্মুক্ত। ভবিষ্যতেও সংশ্লিষ্ট সব তথ্য গণমাধ্যমের সঙ্গে শেয়ার করা হবে।