গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবায় অচলাবস্থার অভিযোগ উঠেছে। বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক টাকা পাঠানো, গ্রহণ ও ক্যাশ আউট করতে পারছেন না। নিজেদের হিসাবে টাকা জমা থাকলেও প্রয়োজনের সময় তা ব্যবহার করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা। এ অবস্থায় গ্রাহকদের মোবাইল ফোনে হিসাব সাময়িকভাবে বন্ধ রাখার বার্তা পাঠানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে ৯৭টি মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাব বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এই হিসাবের বাইরেও আরও অনেক হিসাব সাময়িকভাবে বন্ধ বা ব্লক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে জেলাটিতে মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সূত্র জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে এমএফএস প্রতিষ্ঠানগুলোর কর্মীরাও এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না। ফলে এজেন্টদের মধ্যে নগদ অর্থের সংকট তৈরি হয়েছে। এতে গ্রাহকদের টাকা জমা ও উত্তোলনেও সমস্যা হচ্ছে। বিশেষ করে দৈনন্দিন কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
এদিকে বিকাশের পক্ষ থেকে গ্রাহকদের পাঠানো বার্তায় বলা হচ্ছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’
এ ধরনের বার্তা পেয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যাদের হিসাবে ব্যবসায়িক লেনদেনের অর্থ কিংবা ব্যক্তিগত সঞ্চয় রয়েছে, তারা প্রয়োজনের সময় সেই অর্থ ব্যবহার করতে পারছেন না। হিসাব বন্ধের কারণ, কত দিন বন্ধ থাকবে এবং কীভাবে পুনরায় চালু করা যাবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় অনিশ্চয়তা বাড়ছে।
তবে গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা বিকাশ হিসাব আলাদাভাবে বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বাংলা ট্রিবিউনকে বলেন, এমএফএস বিধিমালা অনুযায়ী সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত ও যাচাই শেষে এসব হিসাব চালু করা হবে, নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, এটি নিয়মিত নিয়ন্ত্রক প্রক্রিয়ার অংশ। কোনো হিসাবে অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন দেখা গেলে সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করা হয়। হিসাবধারী আবেদন করলে বিষয়টি আবার যাচাই করা হতে পারে। তদন্তে বড় ধরনের সন্দেহজনক কার্যক্রমের প্রমাণ না পাওয়া গেলে হিসাব পুনরায় চালু করে দেওয়া হয়।
শামসুদ্দিন হায়দার ডালিম আরও বলেন, গোপালগঞ্জ বলে আলাদাভাবে কোনো হিসাব বন্ধ করা হচ্ছে না। ডিজিটাল লেনদেনের সব তথ্য সংরক্ষিত থাকে। যেসব হিসাবে সন্দেহজনক লেনদেন পাওয়া যায়, সেগুলোর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এটি যেকোনো এলাকার হিসাব হতে পারে।
বিকাশের দাবি, দেশে প্রতিষ্ঠানটির প্রায় আট কোটি গ্রাহক রয়েছে। তাই কোনো হিসাব গোপালগঞ্জের, নাকি ঢাকার, তা বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
বিকাশের পাশাপাশি নগদ ও রকেটের গ্রাহকেরাও একই ধরনের সমস্যায় পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এসব প্রতিষ্ঠানের কতটি হিসাব বন্ধ বা সাময়িকভাবে ব্লক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
নগদের মুখপাত্র সজল জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে, এমন তথ্য তাদের কাছে নেই। নগদ কোনো এলাকার সেবা বন্ধ করেনি। এমএফএস প্রযুক্তিতে ভৌগোলিক অবস্থানভিত্তিক সেবা বন্ধ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেনের তথ্য গেলে নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হিসাবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কোনো গ্রাহকের নম্বরে সন্দেহজনক লেনদেন পাওয়া গেলে বিএফআইইউর নির্দেশনায় হিসাব বন্ধ হতে পারে। এ ক্ষেত্রে গ্রাহকের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর নাকি ঢাকায়, তা বিবেচ্য নয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের পরিপ্রেক্ষিতেই মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, কতটি হিসাব বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রবিবার পাওয়া যেতে পারে।

