বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৬, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ

সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি ক্যামেরা

সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি ক্যামেরা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের সাত জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন রয়েছে। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী মোতায়েনের জন্য আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায়ও সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।