নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় জাদুঘর মোড়ের ফুটপাতে অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে দেশি অস্ত্র দেখা যায়। এ ছাড়া পিস্তল হাতে এক ব্যক্তিকে গুলি ছুড়তেও দেখা গেছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ইমদাদুল হকের দাবি, শাহিনুর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ওয়ার্ড কমিটির সহসভাপতি। গতকাল রাত সাড়ে ১০টার দিকে নগরের টিবি পুকুর এলাকার একটি দোকানে ছাত্রদল নেতা সাফায়েত হোসেনের চাচাতো ভাই কৌশিকের সঙ্গে বসে ছিলেন শাহিনুর। এ সময় ইমদাদুল হকের অনুসারীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে সাফায়েত জাদুঘর মোড়ে ইমদাদুলের সঙ্গে দেখা করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ইমদাদুল হক বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এরপর তাঁরা জাদুঘর মোড়ে গেলে সাফায়েত হোসেনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সংঘর্ষে যোগ দেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাফায়েত হোসেন। তিনি বলেন, ইমদাদুল হক আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বানোয়াট। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না বলেও দাবি করেন সাফায়েত। এ ছাড়া ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ইমদাদুলের অনুসারীরা নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে। অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
অন্যদিকে, রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শাহিনুর রহমান থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে দুই নেতার অভিযোগ
রাতের সংঘর্ষের পর আজ বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন ইমদাদুল হক ও সাফায়েত হোসেন।
বিকেলে রাজশাহী কলেজে সংবাদ সম্মেলনে সাফায়েত দাবি করেন, ইমদাদুলের পরিবারেই আওয়ামী লীগের লোকজন রয়েছেন। অথচ তিনি সাধারণ মানুষকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী সাজিয়ে মব সৃষ্টি করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। তাঁর অভিযোগ, প্রথমে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিলে সবকিছু ঠিক থাকে, আর না দিলে পুলিশে দেওয়া হয়।
অন্যদিকে পৃথক সংবাদ সম্মেলনে ইমদাদুল হক দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশি অস্ত্র ও ককটেল নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কেউ এ অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করে নিজেকে আইনের কাছে সোপর্দ করবেন।
দুই নেতার পদ দুই মাসের জন্য স্থগিত
এদিকে সংঘর্ষের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন ও তাঁর অনুসারী আরেক যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।
আজ বুধবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

