বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। আর্টন ক্যাপিটলের হালনাগাদ পাসপোর্ট ইনডেক্সে এ তথ্য উঠে এসেছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে তৈরি এ তালিকায় বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫।
সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা (অন-অ্যারাইভাল) নিয়ে প্রবেশের সুযোগ রয়েছে। তবে ১১৫টি দেশে যেতে আগাম ভিসা নিতে হয়।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
বিশ্ব সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান হলো, মালদ্বীপ ৫৯তম, ভারত ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, বাংলাদেশ ১৯২তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।
আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিভিন্ন দেশের নাগরিকেরা কতটি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা কিংবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের (ইটিএ) মাধ্যমে যেতে পারেন, তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।
তবে আর্টন ক্যাপিটল ও যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের মূল্যায়ন পদ্ধতি আলাদা। এ কারণে একই দেশের পাসপোর্টের অবস্থান দুই প্রতিষ্ঠানের তালিকায় ভিন্ন হতে পারে।
