নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বুলডোজার দিয়ে এক নারীর সেমিপাকা বসতঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পিয়ার আলী ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ। তিনি তাৎক্ষণিকভাবে পরিবারটিকে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী জহুরা বেগমের পরিবারের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে পিয়ার আলীর সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার ভোরে পিয়ার আলীসহ ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বুলডোজারসহ ঘটনাস্থলে এসে বিরোধপূর্ণ জমিতে থাকা জহুরা বেগমের বসতঘরটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাশাপাশি উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে তিনি পরিবারটিকে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
পরে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল হক মান্নান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

