মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং তেলবাহী জাহাজ ও শোধনাগারে অব্যাহত হামলার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বড় ধরনের দরপতন হয়নি। বাজারে এখনো অস্থিরতা বিরাজ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৪ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ৯১ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৯২ ডলারে নেমে আসে।
এর আগে গত সপ্তাহেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী ছিল। ওই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়।
পিভিএমের বিশ্লেষক তামাস ভার্গার মতে, সরবরাহসংক্রান্ত চাপের কারণে টানা তৃতীয় সপ্তাহের মতো তেলের বাজারে দরপতন হয়েছে। তবে এখন থেকে বিপুল পরিমাণে এবং নির্বিঘ্নে তেল সরবরাহ অব্যাহত থাকবে, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরানের হামলা পরিস্থিতিকে জটিল করে তুলছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও তেল সরবরাহের গতিপ্রবাহের ওপর বিনিয়োগকারীদের নজর রয়েছে।

