বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৩, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ

ছাড়পত্র নিয়ে লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, বিপাকে ২০ বাংলাদেশি

ছাড়পত্র নিয়ে লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, বিপাকে ২০ বাংলাদেশি

বৈধভাবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে কর্মসংস্থানের আশায় লাওসে গিয়েও কাজ পাচ্ছেন না ২০ বাংলাদেশি। রেস্টুরেন্টে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের পাঠানো হলেও দেশটিতে পৌঁছানোর পর আড়াই মাসের বেশি সময় পার হয়েছে, এখনো মেলেনি কর্মস্থল বা নিয়োগকারী কোম্পানির সন্ধান। এর মধ্যে অর্থ ও খাদ্যসংকটে থাকা কর্মীদের বাড়িভাড়া পরিশোধ করতে না পারায় ২৩ নভেম্বর বাসা ছাড়ার চূড়ান্ত নোটিশ দিয়েছেন বাড়ির মালিক। ফলে আশ্রয়হীন হওয়ার শঙ্কায় পড়েছেন তাঁরা।

এ পরিস্থিতিতে কর্মীদের নিরাপত্তা, খাদ্য ও আবাসন নিশ্চিত করা, প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা এবং প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশ।

আবেদনে উল্লেখ করা হয়, মেসার্স টিকে এন্টারপ্রাইজ (আরএল-১৫২৭) লাওসের সাউদার্মানি সোল কোম্পানি লিমিটেডের নামে ৩০ জন কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করে। পরে মেসার্স টিকে এন্টারপ্রাইজ, শাইনিং ওভারসিস (আরএল-২৭১৬) এবং মধ্যস্থতাকারী কার্তিক খান্নার মাধ্যমে বিএমইটির ছাড়পত্র নিয়ে ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময়ে কর্মীদের লাওসে পাঠানো হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, তাঁদের লাওসের ‘রেডিশন রেস্টুরেন্টে’ চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর কোনো কোম্পানি বা কর্মস্থলের সন্ধান পাননি তাঁরা। লাওসে থাকা বাংলাদেশি প্রতিনিধি সৈকত তাঁদের রাজধানী ভিয়েনতিয়েনের পাশের একটি বাসায় রেখে চলে যান। এরপর থেকে কর্মসংস্থান, ভরণপোষণ কিংবা নিরাপদ আবাসনের কোনো ব্যবস্থা করা হয়নি।

কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে কাজ না থাকায় তাঁদের হাতে অর্থ ও খাবার কেনার সামর্থ্য নেই। বাড়িভাড়া বকেয়া পড়ায় ২৩ নভেম্বর তাঁদের বাসা ছেড়ে দেওয়ার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। এতে ওই রাত থেকেই তাঁদের গৃহহীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে বাংলাদেশে থাকা মধ্যস্থতাকারী ও রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট এজেন্সি অর্থ পরিশোধ না করায় কাজ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। এমনকি কাজ পেতে নতুন করে টাকা দেওয়ার কথাও বলা হচ্ছে। অথচ বিদেশে যাওয়ার জন্য প্রত্যেক কর্মী ইতোমধ্যে প্রায় ৬ লাখ টাকা ব্যয় করেছেন।

কাজ ও নিরাপদ প্রত্যাবাসনের নিশ্চয়তা না পেয়ে কয়েকজন কর্মী বাধ্য হয়ে অনিরাপদ ও অনিয়মিতভাবে কাজ খোঁজার চেষ্টা করছেন। এতে তাঁরা স্থানীয় আইনি জটিলতা, শোষণ এবং পুনরায় মানবপাচারের ঝুঁকিতে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মো. আল-আমিন নয়ন বলেন, ‘মানুষ জীবিকার আশায় বৈধ প্রক্রিয়ায় বিদেশে যান। কিন্তু কর্মস্থলে পৌঁছে যদি কাজ বা কোম্পানি না পান, খাবার ও থাকার জায়গা হারানোর ভয় থাকে, তাহলে তাঁদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? বিদেশে কর্মসংস্থানের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাঁদের এমন অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, এই কর্মীদের অবিলম্বে নিরাপত্তা, খাবার ও আবাসন নিশ্চিত করা হোক এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।’

মন্ত্রণালয়ে পাঠানো আবেদনে সংগঠনটি জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা দায়িত্বপ্রাপ্ত মিশনের মাধ্যমে কর্মীদের বর্তমান অবস্থা যাচাইয়ের দাবি জানিয়েছে। একই সঙ্গে তাঁদের নিরাপদ আবাসন ও খাদ্য সহায়তা নিশ্চিত এবং প্রতিশ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব না হলে কর্মীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি অভিবাসন ব্যয় বাবদ প্রত্যেকের দেওয়া প্রায় ৬ লাখ টাকা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ও দায়ীদের কাছ থেকে আদায় করে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া মেসার্স টিকে এন্টারপ্রাইজ (আরএল-১৫২৭), শাইনিং ওভারসিস (আরএল-২৭১৬) এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অনির্বাণের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার কর্মীদের দ্রুত সুরক্ষা নিশ্চিত করা এবং দায়ী নিয়োগকারী প্রতিষ্ঠান ও মধ্যস্থতাকারীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।