লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জনবল ও অবকাঠামোগত উন্নয়ন হলেও বাড়েনি দায়িত্বশীলতার দৃশ্যমান প্রতিফলন। হাসপাতালের নতুন বহুতল ভবন নির্মাণ সম্পন্ন হলেও নানা জটিলতার অজুহাতে এখনো চালু করা সম্ভব হয়নি। ফলে কোটি টাকার সরকারি অবকাঠামো নির্মিত হলেও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এরই মধ্যে হাসপাতালের অক্সিজেন প্লান্টে কর্তৃপক্ষের দায়িত্বশীল কোনো কর্মকর্তার উপস্থিতি ছাড়াই তরল অক্সিজেন সরবরাহের ঘটনায় দেখা দিয়েছে নানা প্রশ্ন।
গত ৩০ অক্টোবর রাত আনুমানিক(৯’৩০ মিনিটে) ইস্পেক্ট্রো কোম্পানি লিমিটেডের তরল অক্সিজেন সরবরাহকারী একটি লরি লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট তদারকির দায়িত্বে থাকা ব্যক্তির উপস্থিতি ছাড়াই লরির হেলপার হাসপাতালের অক্সিজেন প্লান্টে অক্সিজেন সরবরাহের কাজ শুরু করেন।
এ বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের লরির হেলপারের কাছে জানতে চাইলে তিনি জানান, হাসপাতালের স্টোরকিপারের অনুমতি নিয়েই অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। হাসপাতালে আসার আগে মোবাইল ফোনে তাঁকে বিষয়টি জানানো হয়েছে এবং গ্যাস সরবরাহ শেষ হলে স্টোরকিপার রিসিভ কপিতে স্বাক্ষর করবেন বলেও তাঁকে জানানো হয়েছে।
সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মীদের দেওয়া তথ্যমতে, ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে যশোরের বেনাপোল বন্দরে বাংলাদেশের সরবরাহকারী প্রতিষ্ঠানের গাড়িতে তরল অক্সিজেন স্থানান্তর করা হয়। পরে তা বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহ করা হয়। তাঁদের লরিতে মোট ১২ হাজার লিটার অক্সিজেন পরিবহনের সক্ষমতা রয়েছে।এর মধ্যে লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ৪ হাজার লিটার সরবরাহের বরাদ্দ রয়েছে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে অক্সিজেনের প্রকৃত পরিমাণ ও সরবরাহের হিসাব নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল প্রতিনিধি উপস্থিত না থাকলে সরবরাহকৃত অক্সিজেনের পরিমাণ কীভাবে যাচাই করা হলো? সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মীরা জানান, হাসপাতালের ডিজিটাল মিটার নষ্ট থাকায় অ্যানালগ মিটারের মাধ্যমে পরিমাপ দেখানো হবে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সরাসরি উপস্থিতি ছাড়া এই পরিমাপ ও সরবরাহের হিসাব কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এমনকি হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নতুন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হলেও অক্সিজেন সরবরাহের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলাকালে ঘটনাস্থলে তাঁদের কাউকেও উপস্থিত পাওয়া যায়নি বলে জানা গেছে।
ঘটনাটি সম্পর্কে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি সুস্পষ্ট কোনো বক্তব্য না দিয়েই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ রয়েছে। ফলে হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতি, অক্সিজেন সরবরাহের পরিমাপ এবং তদারকির বিষয়গুলো নিয়ে জনমনে আরও প্রশ্ন তৈরি হয়েছে।
অন্যদিকে, নতুন ভবনের অক্সিজেন সংযোগের পাইপলাইন ফেটে যাওয়ার কারণে সেখানে চিকিৎসাসেবা চালু করা যাচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। অথচ একদিকে নতুন ভবনে অক্সিজেন সংযোগের ত্রুটির কারণে চিকিৎসাসেবা চালু করা যাচ্ছে না, অন্যদিকে বিদ্যমান অক্সিজেন প্লান্টে সরবরাহ ও পরিমাপের ক্ষেত্রে দায়িত্বশীল তদারকির ঘাটতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগজনক।
জনস্বার্থে সকল লালমনিরহাট সচেতন মহলের প্রশ্ন -হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অক্সিজেন সরবরাহের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থাকবেন না কেন? ডিজিটাল মিটার দীর্ঘদিন ধরে নষ্ট থাকলে তা সচল করার উদ্যোগ নেওয়া হয়নি কেন..? সরকারি অর্থে কেনা গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেনের হিসাব-নিকাশ তদারকির দায়িত্ব কার..?
এসব প্রশ্নের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অক্সিজেন সরবরাহের নথিপত্র, পরিমাপের রেকর্ড, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব এবং নতুন ভবন চালুর জটিলতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
লালমনিরহাট প্রতিনিধি :

