দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অগ্রগতির পর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার কথা ছিল বাংলাদেশের। আগামী ২৪ নভেম্বর এ ঐতিহাসিক অর্জন উদযাপনের প্রস্তুতিও চলছিল। তবে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও ব্যাংক খাতের দুর্বলতার কারণে শেষ পর্যন্ত উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করে বাংলাদেশ। জাতিসংঘ সেই আবেদন অনুমোদন করেছে। ফলে নতুন মর্যাদা অর্জনের বদলে দেশটিকে এখন অর্থনীতি পুনর্গঠন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য আরও তিন বছর সময় নিতে হচ্ছে।
তিন দিক থেকে ভারতবেষ্টিত বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যার দিক থেকে বিশ্বের অন্যতম বৃহৎ দেশ। প্রায় ১৮ কোটি মানুষের এই দেশে গত কয়েক দশকে উল্লেখযোগ্য আর্থসামাজিক অগ্রগতি হয়েছে। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের সময় বাংলাদেশ ছিল বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ। সেই অবস্থান থেকে দেশটির মাথাপিছু আয় চার গুণ বেড়েছে, শিশুমৃত্যুর হার কমেছে এবং শিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়েছে। চীনের পর বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ।
এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নের স্বীকৃতি হিসেবে বিবেচিত হওয়ার কথা ছিল। তবে এই মর্যাদা হারানোর সঙ্গে সঙ্গে স্বল্পসুদে উন্নয়ন ঋণ এবং উন্নত দেশগুলোর বাজারে শুল্কমুক্ত বা কম শুল্কে পণ্য রপ্তানির কিছু সুবিধাও হারাতে হতো। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক অবস্থানের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা ছিল।
রাজনৈতিক অস্থিরতা ও ব্যাংক খাতের দুর্বলতা
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকটের পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের প্রভাব রয়েছে বলে মনে করছে দ্য ইকোনমিস্ট। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মুখে তাঁর সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পায়নি।
নিবন্ধে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাংক খাত থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। এর ফলে ব্যাংকগুলো খেলাপি ও ঝুঁকিপূর্ণ ঋণের ভারে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশ অনাদায়ী ও ঝুঁকিপূর্ণ ঋণে পরিণত হয়েছে।
শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল। তৈরি পোশাকশিল্পে ধর্মঘট, পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডের পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। দলটির হাতে বিপুল অবৈধ অর্থের মজুত এবং রাজপথে সহিংসতা চালানোর সক্ষমতা রয়েছে বলেও নিবন্ধে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে। ২০২৪ সালের আন্দোলন দমনে সহিংসতার ঘটনায় অনুপস্থিতিতে তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে।
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতিতে চাপে শিল্প খাত
তবে বাংলাদেশের সব অর্থনৈতিক সমস্যার জন্য শুধু সাবেক সরকারের নীতিকে দায়ী করা যায় না। আন্তর্জাতিক পরিস্থিতিও দেশের অর্থনীতিতে চাপ তৈরি করেছে। ইরানকে ঘিরে যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় চলতি বছর অনেক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। এ পরিস্থিতিতে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবি তুললেও বাড়তি ব্যয় বহন করা কারখানার মালিকদের জন্য কঠিন হয়ে পড়েছে। এর ফলে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট দেখা দিয়েছে।
অন্যদিকে, নতুন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে প্রত্যাশিত গতি দেখাতে পারেনি। বিক্ষোভ মোকাবিলার ক্ষেত্রেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ২০২২ সালের মাঝামাঝি থেকে দেশে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে অবস্থান করছে। ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। একই সময়ে দেশের জিডিপি প্রবৃদ্ধিও কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৫ শতাংশে, যেখানে আগে তা প্রায় ৬ শতাংশ ছিল। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দেশে দারিদ্র্যের হার বাড়ছে।
কমছে মানুষের প্রকৃত আয়, বাড়ছে কর্মসংস্থানের সংকট
প্রায় পাঁচ বছর ধরে মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি থাকায় মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমেছে। পাশাপাশি মানসম্মত কর্মসংস্থানের অভাবও কাটেনি। ২০২৪ সালের শিক্ষার্থী আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। কিন্তু সেই সংকট এখনও বিদ্যমান।
তবে বৈদেশিক লেনদেনের ভারসাম্য নিয়ে আপাতত বড় ধরনের সংকটের আশঙ্কা তুলনামূলক কম। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়লেও প্রবাসী আয় ও তৈরি পোশাক রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা পরিস্থিতি সামাল দিতে সহায়তা করবে। বরং দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতাই এখন বড় উদ্বেগের বিষয়।
এদিকে ঋণের সুদ ও আসল পরিশোধে চলতি বছর জিডিপির প্রায় ৩ শতাংশ ব্যয় হতে পারে। এতে সরকারের আর্থিক চাপ আরও বাড়বে। অথচ বাংলাদেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৭ শতাংশের কাছাকাছি। এ পরিস্থিতিতে ব্যাংক খাতের সংস্কারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নিবন্ধে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বিদেশি ঋণদাতারা ব্যাংক খাত পুনরুদ্ধারে সহায়তা দিতে পারে। তবে এর বিনিময়ে ব্যয়বহুল ও বাজারব্যবস্থায় বিকৃতি সৃষ্টিকারী ভর্তুকি কমানোর শর্ত আসতে পারে। রাজনৈতিকভাবে অজনপ্রিয় হলেও অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য এ ধরনের সংস্কার জরুরি হয়ে উঠতে পারে।
তিন বছরকে সংস্কারের সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ
এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে যাওয়াকে বাংলাদেশের জন্য কেবল হতাশার বিষয় হিসেবে না দেখে অর্থনীতি পুনর্গঠনের সুযোগ হিসেবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছে দ্য ইকোনমিস্ট। আগামী তিন বছরে কর আদায় বাড়ানো, ব্যাংক খাতের সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
একই সঙ্গে এলডিসি-পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান অগ্রাধিকারমূলক সুবিধার বিকল্প তৈরি করতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ের উদ্যোগ জোরদার করতে হবে।
নিবন্ধটির শেষাংশে বলা হয়েছে, চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসা কিংবা একটি নিপীড়নমূলক শাসনের অবসান ঘটানোই বাংলাদেশের চূড়ান্ত অর্জন নয়। টেকসই অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও মানুষের জীবনমান নিশ্চিত করতে দেশটির সামনে এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি।
ইকোনমিস্ট সাময়িকীর চলতি সপ্তাহের সংখ্যায় প্রকাশিত নিবন্ধ অবলম্বনে।

