নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের আসবাবসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় হঠাৎ বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার বিষয়টি টের পেয়ে চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে কাঁচপুর মর্ডান ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে বাসটির অভ্যন্তরীণ অংশের বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ পুড়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসটির মালিকের নাম মিম। দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা জামাল হোসেন (৩২) এবং হেলপার হিসেবে দায়িত্বে ছিলেন নয়ন।
এ বিষয়ে কাঁচপুর মর্ডান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম আগামীর সময়কে জানিয়েছেন , রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চালককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, বাসটিতে থাকা দুজন যাত্রী নেমে যাওয়ার পরপরই আগুনের সূত্রপাত হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

