সম্মিলিত নাট্যকর্মী জোট, নারায়ণগঞ্জের দেড় যুগ পূর্তি উপলক্ষে আজ ২১-১১-২৬ ইং শনিবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবুল কালাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব,নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ.এম আনোয়ার প্রধান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মাসুমুল হক সোহেল। শুভেচ্ছা জানান মো. কবির প্রধান, সাধারণ সম্পাদক, সম্মিলিত নাট্যকর্মী জোট, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম আর হায়দার রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নাটক শুধু বিনোদন নয়, নাটক সমাজের আয়না। সমাজের অন্যায়, অনিয়ম, দুঃখ-কষ্ট ও মানুষের স্বপ্নকে নাটকের মধ্য দিয়ে তুলে ধরা হয়। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে নাট্যকর্মীদের পাশে থাকবেন বলে তারা প্রতিশ্রুতি দেন।
বক্তারা আরও বলেন, ২০০৮ সালে প্রতিষ্ঠিত সম্মিলিত নাট্যকর্মী জোট গত দেড় যুগ ধরে নারায়ণগঞ্জে নাট্যচর্চা, সাংস্কৃতিক আন্দোলন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এই সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে নাটকের দিকে আকৃষ্ট করতে নিয়মিত কর্মশালা, মঞ্চ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভা শেষে উক্ত সংগঠনের সভাপতি মাসুমুল হক সোহেলের জন্মদিন উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানান । এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জেলার বিভিন্ন নাট্য সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য,গান ও নাটকের অংশবিশেষ পরিবেশন করেন। অনুষ্ঠানে নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

