বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে আমান উল্লাহ আমান এমপিকে এবং সদস্য সচিব করা হয়েছে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে। আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে এ কমিটি।
শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দ্রুত কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তারা একযোগে পদত্যাগ এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে তাঁদের পদত্যাগ গ্রহণ করেন এবং নতুন কমিটিকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।
আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও নতুন কমিটিতে ৪৯ জন সদস্য রয়েছেন। এ কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতির দায়িত্ব পালন করবে।
সভায় গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিকদের সমস্যা নিয়েও আলোচনা হয়। শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া সংগঠনের সাংগঠনিক তৎপরতা বাড়ানো, নতুন শ্রমিক ইউনিয়ন গঠন ও সেগুলোকে সংগঠনের আওতায় আনা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সভায় উপস্থিত নজরুল ইসলাম খান ও শিমুল বিশ্বাস দীর্ঘ এক যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্যেও শ্রমিক দলের নেতৃত্ব দেওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তা এবং সারাদেশের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। তাঁরা নতুন আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন।
নতুন আহ্বায়ক কমিটির উল্লেখযোগ্য সদস্যরা
কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান এমপি এবং সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

