আগামী ১০ বছরেও বিএনপি সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া।
তিনি বলেছেন, ‘সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। এ দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছে। এখন তারা জানে, যা করার বিএনপিই করবে।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ টেনে সেলিম ভূঁইয়া বলেন, ‘এখন নুরুল ইসলাম নাহিদকে আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে, কারণ তিনি বয়স্ক লোক।’
নিজের অতীত রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? তিনি ৮৬ বছর বয়সে কোর্টের বারান্দায় ঘুরেছেন। তাঁকে ধরে ধরে উঠানো হতো, আবার হ্যান্ডকাফও লাগানো হয়েছে। আমাকেও হ্যান্ডকাফ লাগিয়ে টেনে টেনে কোর্টে নিয়ে আসা হতো। আমি ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ, র্যাব, ডিবি দিয়ে আমাকে তুলে নেওয়া হয়েছিল। আমি নাকি যাত্রাবাড়ী কাঠেরপোল এলাকায় বাসে আগুন দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এতকিছু সহজে ভুলিনি। তবে আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। আবার একেবারে আমাদের দুর্বল মনে করলে তাদেরও ছেড়ে দেব না, ধরতে হবে।’
বিগত ১৭ বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে সেলিম ভূঁইয়া বলেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠার বিষয়টি বই-পুস্তকে তুলে ধরতে শিক্ষকদের ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, শিক্ষকদের দিয়ে এসব বিষয় পাঠ্যবইয়ে লেখানো হয়েছে।
১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ মুজিব যদি জাতির পিতা হতেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মারা যেত না। লাশ দাফন করার মতোও কেউ ছিল না।’
বাকশিসের কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন বাকশিস কুমিল্লা জেলার সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজুসহ অন্যরা।

