বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২২, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ

দেওয়ানগঞ্জে মাদকসহ আটক তিন যুবকের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে মাদকসহ আটক তিন যুবকের কারাদণ্ড
শনিবার পৃথক অভিযানে তিনজনকে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত, ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন, বহন ও বিক্রির দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুজনকে এক বছর করে এবং অপরজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) পৃথক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকার মুকুল মিয়ার ছেলে মো. রিয়াদ (৩০), মাঝিপাড়া এলাকার জসিজল হকের ছেলে এনাতুল হক (৩২) এবং ডাংধরা ইউনিয়নের চেংটিমারি গ্রামের মৃত সোলাইমান ইসলামের ছেলে জহুরুল ইসলাম জুয়েল (২৯)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রিয়াদ ও এনাতুল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পৌর শহরের মাঝিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, মাদক সেবনরত অবস্থায় জুয়েলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, রিয়াদ ও এনাতুল মাদক সেবন, বহন ও বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। অপরদিকে, জুয়েল মাদক সেবন ও বহনের কথা স্বীকার করায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোহাম্মদ আসাদ :