নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা এলাকা থেকে পৌরসভার দত্তপাড়া হয়ে ঐতিহাসিক সোনারগাঁ জাদুঘর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিনের। সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ওপর টানা বৃষ্টিতে সোনারগাঁ থানার সামনের সড়কজুড়ে কাদামাটি জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ফলে প্রতিদিন এ পথে চলাচলকারী মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, সোনারগাঁ থানার সামনের সড়কের বিভিন্ন অংশ কাদামাটিতে ঢেকে গেছে। যানবাহনের চাকার চাপে সড়কের ওপর তৈরি হয়েছে লম্বা ও গভীর দাগ। বৃষ্টির পানিতে কাদা পিচ্ছিল হয়ে পড়ায় মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচলে চালকদের সতর্কতার সঙ্গে চলতে হচ্ছে। অন্যদিকে পথচারীদেরও কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। সব মিলিয়ে সড়কটি দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে।
গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের স্বাভাবিক চলাচলেও তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা।
এলাকাবাসীর দাবি, সড়কটির বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যের কার্যকর ভূমিকা কামনা করেছেন তারা।
মোঃ রনি মিয়া , ক্রাইম রিপোর্টার, নারায়ণগঞ্জ:

