বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২১, ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ

ক্ষমতা হারালে কারাগারে যেতে পারেন নেতানিয়াহু! ইসরায়েলের রাজনীতিতে উত্তাপ

ক্ষমতা হারালে কারাগারে যেতে পারেন নেতানিয়াহু! ইসরায়েলের রাজনীতিতে উত্তাপ

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন এবং নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। দীর্ঘদিন ধরে ইসরায়েলের নেতৃত্ব দেওয়া নেতানিয়াহু সম্ভবত ক্ষমতা ছাড়তে চলেছেন; তবে তা নির্ভর করছে বিরোধী নেতা গাদি আইজেনকট নতুন সরকার গঠন করতে পারেন কি না, তার ওপর।
বিরোধীদের সরকার গঠনে ইসরায়েলে বসবাসকারী আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে। এই সম্ভাবনাকে সামনে রেখে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন নেতানিয়াহু। কোনো প্রমাণ ছাড়াই তিনি নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন।
এদিকে খবর প্রকাশিত হয়েছে যে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’ বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল। এমনকি নির্বাচনের দিন ইসরায়েলের আরব বংশোদ্ভূত কয়েকজন রাজনীতিককে গ্রেপ্তারের অনুরোধও করেছিল সংস্থাটি, যা অ্যাটর্নি জেনারেল নাকচ করে দেন।
বিরোধী শিবিরের নেতা ইয়ার লাপিদ এবং আরব জোট ‘জয়েন্ট লিস্ট’-এর প্রধান ইউসেফ জাবারিন এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছেন। পাশাপাশি নির্বাচনের আগে ভোট কেনাবেচার অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সাজানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
প্রধানমন্ত্রিত্ব হারালে নেতানিয়াহুর রাজনৈতিক উত্তরাধিকারের পাশাপাশি তার ব্যক্তিস্বাধীনতাও বড় ঝুঁকির মুখে পড়তে পারে। ২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া এই বিচারকাজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে বারবার পিছিয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
এর পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নেতানিয়াহু ও তার সরকারের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি আরও জোরালো হয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সম্ভাব্য হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশনের আইন প্রণয়নের তালিকাতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসরায়েলে সহিংসতার আশঙ্কা বেড়েছে। নির্বাচনের পর ডানপন্থী বিক্ষোভকারীরা গাদি আইজেনকটের বাড়ির সামনে জড়ো হয়ে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন না করার সতর্কবার্তা দেন এবং তাকে ‘বিশ্বাসঘাতক’ বলে স্লোগান দেন।
অন্যদিকে, হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরডের প্রকাশ্যে আসা এক চিঠিতে ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামের ধর্মীয় বিধানের উল্লেখ করা হয়েছে। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যার পক্ষে যুক্তি হিসেবে একই বিধান ব্যবহার করেছিলেন ঘাতক ইয়িগাল আমির। ফলে এই চিঠিকে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফ আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বাড়বে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনো কিছু করতে পারেন এবং ডানপন্থীদের মধ্যে গৃহযুদ্ধের যে কথা বলা হচ্ছে, তা উড়িয়ে দেওয়া যায় না।
লন্ডনের কিংস কলেজের বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, নেতানিয়াহু এখন আহত পশুর মতো আচরণ করছেন; কারণ নির্বাচনে হেরে যাওয়া মানে তাঁর সুরক্ষাকবচ হারানো এবং কারাগারে যাওয়ার ঝুঁকি তৈরি হওয়া।
চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গ মনে করেন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে লড়ছেন নেতানিয়াহু এবং এতে সহযোগীরা বিপদে পড়লেও তিনি পরোয়া করেন না। তবে নির্বাচনের আগের রাতে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাঁর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে, আর শিন বেত প্রধান জিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বানচালের চেষ্টায় যুক্ত থাকলে তাঁর পদ ও সংস্থার স্বাধীনতা ঝুঁকিতে পড়তে পারে।