দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সহিংসতা ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রতিহত করার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেছে ১১ দলীয় ঐক্য। সেই সঙ্গে জুলাই বিপ্লবের চেতনা ও জনগণের রায় বাস্তবায়নে সরকারের আলোচনার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে একযোগে কাজ করার বার্তা দিয়েছেন জোটের শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দেশের বর্তমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে ১১ দলীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে জোটের যৌথ অবস্থান তুলে ধরেন।
গণপ্রতিরোধের ডাক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহনশীলতার বার্তা:- সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আল্লামা মামুনুল হক বলেন, “পরাজিত ফ্যাসিবাদী শক্তির উসকানিতে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। জনগণকেই সাথে নিয়ে রাজপথে সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে এই অপশক্তিকে প্রতিহত করা হবে।”
সহিংসতা দমনে সরকার কঠোর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত যথেষ্ট ধৈর্য দেখাচ্ছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সচেতন, সতর্ক ও দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
সরকারের আলোচনার আহ্বানে সাড়া ও ঐক্যের ভিত্তি:- জাতীয় ঐক্যের বিষয়ে সরকারের আহ্বানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বিরোধীদলীয় নেতা ইতিমধ্যেই প্রাথমিক সাড়া দিয়েছেন। দেশের এই ক্রান্তিলগ্নে সরকারও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করছে।
তবে এই ঐক্যের মূল চালিকাশক্তি কী হবে—তা স্পষ্ট করে তিনি বলেন, “এই ঐক্যের প্রধান ভিত্তি হবে জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তব রূপ দেওয়া এবং গণভোটের রায় কার্যকর করা।”
শীর্ষ নেতাদের বৈঠক ও প্রশাসনের ভূমিকা মূল্যায়ন:- বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমিরের মধ্যকার সাম্প্রতিক বৈঠক সম্পর্কে তিনি মন্তব্য করেন, “এটি দুই শীর্ষ নেতার একান্ত বৈঠক হলেও এর মূল বার্তা ছিল একটাই—পরাজিত ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা।”
সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসনের ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক কার্যক্রম মূল্যায়নে আরও কিছু সময়ের প্রয়োজন। আগের স্বৈরাচারী সরকারের মতো বর্তমান সরকার দমন-পীড়নের কঠোর পথ অনুসরণ না করায় কিছুটা উদারতা দৃশ্যমান হতে পারে। তবে প্রশাসন যেন কোনোভাবেই ঢিলেঢালা না হয়, সে বিষয়ে জোটের নজর রয়েছে।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজপথে জোরালো ভূমিকা রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি। ঢাকা

