নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে (ঢাকা-চট্টগ্রাম বাইপাস) সড়কে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। দিনাজপুর থেকে খড় নিয়ে আসা ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছায়। খড় নামানোর অপেক্ষায় চালক ট্রাকটি সড়কের পাশে রেখে হেলপারসহ ভেতরে ঘুমিয়ে পড়েন।
ভোর সাড়ে ৫টার দিকে এক নারী পথচারী ট্রাকে আগুন দেখতে পেয়ে চালককে ডেকে তোলেন। ওই নারীর দাবি, মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকে থাকা সব খড় পুড়ে যায়।
এদিকে, একই দিন সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মহাসড়কের পৃথক দুটি স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। এদিকে, মহাসড়ক ও আশপাশের শাখা সড়কে নাশকতা ঠেকাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাহারা দিতে দেখা গেছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, পৃথক দুটি স্থানে বাস ও মালবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষতিগ্রস্ত বাসটি রেকারের সাহায্যে সরিয়ে নেওয়া হচ্ছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
মোঃ রনি মিয়া ,ক্রাইম রিপোর্টার, নারায়ণগঞ্জ :

