রাজধানী থেকে জেলা শহর, সর্বত্রই বাড়ছে সহিংসতার ঘটনা। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বাস ও ট্রেনে আগুন, আবার কোথাও রাজনৈতিক কার্যালয়, ব্যাংক ও স্থাপনায় হামলা। সড়ক অবরোধ, পুলিশের স্থাপনায় হামলা ও ফাঁকা গুলির ঘটনায় জনমনে উদ্বেগ ছড়িয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত দেশের অন্তত ২১ জেলায় এসব ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে নড়াইলে বিএনপির দুই নেতা, ফরিদপুরে কৃষক দলের এক নেতা এবং পিরোজপুরে বাসের এক হেলপার রয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হন। পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বুধবার ভোর ৪টার দিকে বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বাহক পরিবহনের বাস থেকে হেলপার সিয়ামের (২৫) দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন তিনি।
এদিকে মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলায় কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) নিহত হন। একই সময় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
গোপালগঞ্জে হাসপাতাল ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বুধবার সন্ধ্যার পর দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলে মহড়া দেওয়ার ঘটনা ঘটে। একই সময় গোপালগঞ্জ-২ আসনের বিএনপি সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। হাসপাতালের প্যাথলজি, রিসিপশন ও ব্যক্তিগত কক্ষ ভাঙচুরের পর আসবাবপত্রে আগুন দেওয়া হয়। সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
হামলার সময় হাসপাতালে প্রসূতি মা, সদ্য অস্ত্রোপচার হওয়া রোগী ও নবজাতকসহ অনেক রোগী ভর্তি ছিলেন। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাস, ব্যাংক ও রাজনৈতিক কার্যালয়ে আগুন
কুমিল্লায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাখা একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। রূপগঞ্জের গোলাকান্দাইলেও দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল ও এরিয়া অফিসের নিচতলায় পরপর দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে ভবনের কাচ ও জানালা ক্ষতিগ্রস্ত হয়।
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়। টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ারেও ব্যাংকটির দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যশোরে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের চারটি শাখায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
নাটোরের গুরুদাসপুরে বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। নেত্রকোনার বারহাট্টায় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হলে পাশের একটি দোকানও পুড়ে যায়।
খুলনায় একটি মুদি দোকান ও যুব উন্নয়ন সংঘের কার্যালয় পুড়ে গেছে। জেলা জজ আদালত ভবনের নিচতলায় ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। রয়্যাল মোড়ে একটি বাস কাউন্টারেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সেও অগ্নিসংযোগ করা হয়েছে।
এ ছাড়া বগুড়ার মাটিডালিতে ককটেল নিক্ষেপ, রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন এবং গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের ঘটনা ঘটেছে।
রেললাইন ও স্টেশনে আগুন, বাস চলাচল বন্ধ
নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা স্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়া হয়। একই রাতে অতিথপুর রেলস্টেশনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব ঘটনার দৃশ্য দেখা গেছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাস চলাচলও বন্ধ রয়েছে। এতে ঢাকা-খুলনা ও চট্টগ্রাম-কক্সবাজার রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, বাড়তি সতর্কতা
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতার পরিকল্পনার তথ্য রয়েছে তাদের কাছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছেন বলে গোয়েন্দা সূত্রের দাবি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরেও বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্য অনুযায়ী, যানবাহন, সরকারি স্থাপনা, রাজনৈতিক কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও পরিবহনকেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছে।

