বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৯, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ

বরিশাল ও গৌরনদীতে তিন স্থানে আগুন, বাস পুড়ে ছাই

বরিশাল ও গৌরনদীতে তিন স্থানে আগুন, বাস পুড়ে ছাই

বরিশাল নগরী ও গৌরনদী উপজেলায় পৃথক তিনটি স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ এবং মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব ঘটনা ঘটে। এতে একটি যাত্রীবাহী বাস প্রায় সম্পূর্ণ পুড়ে গেলেও অন্য ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও বাস শ্রমিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের নথুল্লাবাদ এলাকার পেছনে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ‘এসএম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (বরিশাল-ব-১১-০০৩৮) দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন ব্যক্তি বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে শ্রমিকদের অভিযোগ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।

তবে বাসটিতে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন। তার দাবি, বাসের ভেতরে ইয়াবা সেবনের সময় অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। এর সঙ্গে অন্য কোনো ঘটনার সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে জানতে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর নথুল্লাবাদ বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, রাত ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্র জানায়, পেট্রোলবোমা নিক্ষেপের পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ট্রাকটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ৮টা পর্যন্ত সেখানে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

এ ছাড়া সন্ধ্যার পর গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ফকির বাড়ি এলাকায় মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, ১৯ নভেম্বর দেশব্যাপী ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটাচ্ছে। তবে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।