বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৯, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ

আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

চাঁদাবাজির সঙ্গে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এমনকি তিনি নিজে চাঁদাবাজি করলেও যেন তাকে ছাড় দেওয়া না হয়, সেই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমি চাঁদাবাজি করলেও আমাকেও হাতকড়া পরান।’
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘এখন চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি চলছে। চাঁদাবাজি যে-ই করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি চাঁদাবাজি করলেও আমাকেও হাতকড়া পরান। কাউকে ছাড় দেওয়া যাবে না।’
দেশে চাঁদাবাজি ও দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘মাদক, কিশোর গ্যাং—এগুলো তো আছেই। দুর্নীতি এবং চাঁদাবাজি সর্বত্র ছড়িয়ে পড়েছে। দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। দ্রব্যমূল্য দ্বিগুণ, তিনগুণ, আড়াইগুণ কেন হয়? এই চাঁদাবাজির কারণে হয়।’
তিনি বলেন, ‘সরকারকে এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার ভালো কাজ করলে আমরা সহযোগিতা করবো। কোথাও ভুল হলে ধরিয়ে দেবো। আমাদের সমালোচনাও সরকারকে গ্রহণ করতে হবে।