মতপ্রকাশের কারণে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশের ৩৮টি জেলায় ১১১ জন মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৬৬ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। এ ছাড়া চারজন মারধরের শিকার হয়েছেন এবং দুজন পিটুনিতে নিহত হয়েছেন। ভুক্তভোগীদের তালিকায় রয়েছেন ২৫ জন সাংবাদিক ও ১৮ বছরের কম বয়সী তিন শিক্ষার্থী।
বুধবার (১৮ নভেম্বর) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১০ মাসে মতপ্রকাশের কারণে মানবাধিকার লঙ্ঘনের ৮৬টি ঘটনা নথিভুক্ত করেছে সংগঠনটি। এসব ঘটনায় ১০০ জন পুরুষ ও ১১ জন নারী ভুক্তভোগী হয়েছেন। সবচেয়ে বেশি ১৫ জন ভুক্তভোগীর ঘটনা ঘটেছে ভোলায়। এরপর ঢাকায় ১৪ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে আটজন করে এবং বগুড়ায় ছয়জন ভুক্তভোগী হয়েছেন।
মতপ্রকাশের কারণে হয়রানির ক্ষেত্রে আইনি পদক্ষেপ ও গ্রেপ্তারের ঘটনা সবচেয়ে বেশি দেখা গেছে। ভুক্তভোগীদের বিরুদ্ধে বিভিন্ন আইনে মোট ৬৬টি প্রয়োগের তথ্য পেয়েছে এইচআরএসএস। এর মধ্যে সাইবার নিরাপত্তা আইন, অধ্যাদেশ ও অন্যান্য সাইবার আইনে ৩৬টি, দণ্ডবিধি ও মানহানির অভিযোগে ১৩টি এবং সন্ত্রাসবিরোধী আইনে ১০টি প্রয়োগের ঘটনা রয়েছে। পাশাপাশি ১১ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গ্রেপ্তার ও আটকের শিকার ৬৬ জনের মধ্যে ৪৭ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য ১৯ জনকে কোনো মামলা ছাড়াই আটক বা গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ও হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে ৬৩ জন পুরুষ এবং তিনজন নারী।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের সমালোচনা মতপ্রকাশের কারণে হয়রানির অন্যতম প্রধান কারণ। প্রধানমন্ত্রী, তার পরিবার, সরকার এবং বিএনপি নেতাদের সমালোচনা করায় মোট ৬২ জন ভুক্তভোগী হয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীর সমালোচনার অভিযোগে ২২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ধর্মীয় বিষয় ও ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে বক্তব্য বা সমালোচনার কারণে ২৩ জন, জুলাই গণঅভ্যুত্থানের সমালোচনায় ১০ জন এবং সংবাদ প্রকাশের কারণে সাতজন হয়রানির শিকার হয়েছেন। বিএনপি নেতার মানহানির অভিযোগেও সাতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। পেশাগত পরিচয় জানা গেছে এমন ৮৪ জন ভুক্তভোগীর মধ্যে ২৫ জন সাংবাদিক। তাদের ২৩ জনের বিরুদ্ধে মামলা এবং দুজনের বিরুদ্ধে জিডি করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের বিরুদ্ধে সাইবার আইনে এবং পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা হয়েছে। এ ছাড়া চারজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি বলে জানিয়েছে সংগঠনটি। তাদের করা মামলায় ১৪ জন সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন। ভোলা, চট্টগ্রাম ও বগুড়া—এই তিন জেলায় ১৯ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন।
বয়সের তথ্য পাওয়া গেছে এমন ৭১ জন ভুক্তভোগীর মধ্যে ৫০ জনের বয়স ৩৫ বছর বা তার কম। তাদের মধ্যে ২৪ জনের বয়স ২৫ বছর বা তার নিচে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে ১৮ বছরের কম বয়সী তিন শিক্ষার্থীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
নারী ভুক্তভোগীদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের সমালোচনার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের করা জিডির আসামি হয়েছেন। তবে তাঁদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ২২টি ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে। এপ্রিলে ১৮টি, জুনে ১৩টি এবং অক্টোবরে ১২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। ফেব্রুয়ারিতে সবচেয়ে কম দুটি ঘটনা ঘটেছে।
মামলা ও জিডির বাদীর পরিচয় জানা গেছে এমন ৬০টি ঘটনার মধ্যে ২৩টিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ছাড়া ১৫টি ঘটনায় পুলিশের, আটটিতে রাষ্ট্র সংলাপ ফোরামের এবং তিনটিতে ধর্মীয় সংগঠন বা ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে।
এইচআরএসএসের মতে, সাইবার আইনের ব্যাপক প্রয়োগ, সমালোচনামূলক বক্তব্যের কারণে গ্রেপ্তার, মামলা ছাড়াই আটক, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শিশু-কিশোরদের আইনি প্রক্রিয়ায় যুক্ত করা এবং অরাষ্ট্রীয় পক্ষের হামলা ও হত্যার ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে উদ্বেগজনক।
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে অযৌক্তিক মামলা ও গ্রেপ্তার বন্ধ, সাংবাদিক ও শিশু-কিশোরদের বিশেষ সুরক্ষা এবং মতপ্রকাশের কারণে সংঘটিত সহিংসতার নিরপেক্ষ তদন্তের সুপারিশ করেছে সংগঠনটি। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এইচআরএসএস।

