নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।
এর আগে মঙ্গলবার রাতে সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত নেতাকর্মীরা প্রকাশ্যে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় লিপ্ত থাকার অভিযোগও আনা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের পরিচয়ে মিছিল করে তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন— সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. শরিফুল ইসলাম সিফাত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. শরিফ হোসেন মমিন, সিদ্ধিরগঞ্জ থানা ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য আজাদ হোসেন ওরফে বাবু, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. মিলন হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মিনহাজুর রহমান রায়হান, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য দেলোয়ার হোসেন কনক, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মেদ, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শাহিন, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, ছাত্রলীগ নেতা মো. হৃদয়, মোগড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এস কে সজিব ওরফে ছোটবদি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল খান শান্ত, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ল্যাংড়া আবুল ভেন্ডার, সনমান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাসেল, ছাত্রলীগের সদস্য মো. নাহিদ, যুবলীগের সদস্য আ. রব মিয়া, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রব মিয়া এবং ছাত্রলীগের সদস্য নাজমুল মিয়া।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোনারায়ণগঞ্জ প্রতিনিধি:

