বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৯, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: গোলাম পরওয়ার

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: গোলাম পরওয়ার
বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

সরকারের দুর্বলতা, প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ এবং প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকার কারণে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

গোলাম পরওয়ার বলেন, দেশে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ তৈরি করা হচ্ছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিলেও সরকার তা উপেক্ষা করছে। জনগণের রায় অগ্রাহ্য করে একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার চেষ্টা থেকেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। এতে সরকারের প্রতি জনগণের আস্থা কমে গেছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে গোপালগঞ্জ, ফরিদপুর ও নড়াইলসহ বিভিন্ন জেলায় সহিংসতা, থানা আক্রমণ, আসামি ছিনিয়ে নেওয়া, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থানে বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারি স্থাপনা রক্ষায় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

এ সময় রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ব্যর্থ হচ্ছে, পুলিশও দায়িত্ব পালন করতে পারছে না। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির প্রয়োজনীয় ভূমিকা নেওয়া উচিত।

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে সরিয়ে দিতে হবে। অন্যথায় দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।

দেশপ্রেমিক, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী জনগণ এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, আগামী ২১ নভেম্বর রাজধানীতে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। ডিসেম্বরজুড়ে দলের অন্যান্য কর্মসূচি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।

তিনি অন্য রাজনৈতিক দলগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানান।

জুলাই সনদের গণভোটের রায় মেনে নেওয়া হলে জামায়াত তাদের লংমার্চসহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করবে বলেও জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকার ৭০ শতাংশ মানুষের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে জামায়াত তাদের সব লংমার্চ প্রত্যাহার করে নেবে। গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো সংসদীয় প্রক্রিয়ায় সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে রাজধানীর জামায়াত কার্যালয়ে দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।