বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রকট আকার ধারণ করেছিল। এসব চক্রের মাধ্যমে মানুষকে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর ফলে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ কর্মী নেওয়া স্থগিত কিংবা কমিয়ে দিয়েছিল।
তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সৃষ্ট সমস্যার সমাধানে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রবাসী শ্রমবিষয়ক মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আলোচনার মাধ্যমে এ সমস্যার সফল সমাধান করা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, সামান্য কিছু খরচে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদের মধ্যে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রায় এক হাজার সদস্য রয়েছেন।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা চলছে। দেশগুলো নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন পেশার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
তারেক রহমান বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে যারা সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে এক সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ অর্থের উৎস কী হবে, তা তাঁর কাছে স্পষ্ট নয়। বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলে সরকার এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে পারে।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রতারণা বন্ধে সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতজন কর্মী নেওয়া হবে এবং বিদেশ যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করার প্রস্তাব দেন তিনি।
তিনি বলেন, বিদেশ যাওয়ার খরচ সরকার নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনা দেওয়া হলে সাধারণ মানুষ জমি বিক্রি বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করতে বাধ্য হবে না। এতে একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে। এ বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

