বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৮, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ

মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদে সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদে সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া । ছবি : সংগৃহীত

টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবং মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি শিল্পাঞ্চলে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনে স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং, দি সিভিল ইঞ্জিনিয়ার ও দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন কারখানার শ্রমিকদের অংশ নিতে দেখা যায়।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে টায়ার ও কারখানার বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। পরে সকাল ১০টার দিকে খেজুরবাগান এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। হেমায়েতপুরের আশপাশের কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও ভেতরে কর্মবিরতি পালন করেন বলে জানা গেছে।

এদিকে সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভের পর বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের বুঝিয়ে দুপুর সোয়া ১২টার দিকে সরিয়ে দেওয়া হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কসহ আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

শিল্প পুলিশের পরিদর্শক তাইবুর রহমান জানান, সকালে শ্রমিকরা সড়কে নামলে জনদুর্ভোগ এড়াতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানাটি বন্ধ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।