দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় ৩৩তম স্থান অর্জন করল বাংলাদেশ।
মঙ্গলবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এটি পুরো জাতির জন্য আনন্দ ও গর্বের বিষয়।
মন্ত্রী জানান, প্রথম ইউনিটের গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়েছে। তবে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে পরবর্তী সময়ে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।
তিনি বলেন, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এ অর্জনের পেছনে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার অবদান রয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি, প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছে। প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম ও বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে।
মন্ত্রী আরও জানান, এ সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে রূপপুর প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি দেশের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

