বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৭, ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ

গণমাধ্যমে হস্তক্ষেপ করছে না সরকার, অতীতের লুটপাটের চিত্র তুলে ধরার আহ্বান তথ্যমন্ত্রীর

গণমাধ্যমে হস্তক্ষেপ করছে না সরকার, অতীতের লুটপাটের চিত্র তুলে ধরার আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। দেশের স্বার্থে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং বিগত সরকারের আমলে অর্থনীতি ও ব্যাংকিং খাতে সংঘটিত লুটপাটের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

আন্দালিভ রহমান বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তবে এসবের প্রকৃত চিত্র এখনও পুরোপুরি জাতির সামনে তুলে ধরা সম্ভব হয়নি।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকরা এখন ব্যাংকে গিয়ে নিজেদের আমানতের টাকাও তুলতে পারছেন না। খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় পৌঁছেছে উল্লেখ করে তিনি শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও লুটপাটের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ব্যাংকিং খাতের বর্তমান সংকটের দায় বর্তমান সরকারের ওপর চাপানো হচ্ছে। অথচ সংকটের প্রকৃত কারণ ও অতীতের অনিয়ম সংবাদমাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন। বিদ্যুৎ খাতেও অতিরিক্ত মূল্য নির্ধারণের মাধ্যমে বিপুল অর্থ লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য ঠেকাতে সাইবার নিরাপত্তা আইন বহাল রাখার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজের অপসংস্কৃতি বন্ধের পাশাপাশি ভুয়া সংবাদ প্রচারকারী ও অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও সরকার কাজ করছে।

নিবন্ধিত গণমাধ্যমের স্থায়ী মর্যাদা নিশ্চিত করা, বিজ্ঞাপনপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ গ্রহণযোগ্যতা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার আগেও সাংবাদিকদের আতঙ্কে থাকতে হতো। বর্তমান সরকার সেই পরিস্থিতি তৈরি করেনি। গণমাধ্যমের কার্যক্রমে সরকার কোনো হস্তক্ষেপ করছে না।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, একজন মালিকের একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা সীমিত করার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। অতীতে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচারের বিষয়টি সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, এসব কর্মকাণ্ড দলটির রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির রাজনৈতিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলেও জানান।

ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরার প্রচারণাকে রাজনৈতিক ব্লাফ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

বিগত সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও দমন-পীড়ন চালিয়েও শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি তৎকালীন সরকার।

আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধপরায়ণ উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, ১৯৭৫ সালের ঘটনাকে পুঁজি করে দলটি প্রতিশোধের রাজনীতি করেছে। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট শক্তি আবারও ক্ষমতায় ফিরতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শক্তির প্রত্যাবর্তন হলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও ঝুঁকির মুখে পড়বে। তাই জুলাইয়ের চেতনা সমুন্নত রেখে গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখতে হবে।

মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।