বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৭, ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ

এলডিসি উত্তরণের পর রফতানি ও ওষুধশিল্পে ঝুঁকির শঙ্কা, জাতীয় কর্মপরিকল্পনার দাবি

এলডিসি উত্তরণের পর রফতানি ও ওষুধশিল্পে ঝুঁকির শঙ্কা, জাতীয় কর্মপরিকল্পনার দাবি
ওষুধ (ফাইল ছবি)

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের রফতানি বাজার ও ওষুধশিল্পে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন। বিশেষ করে আন্তর্জাতিক মেধাস্বত্ববিধি কার্যকর হলে দেশীয় ওষুধ কোম্পানিগুলোর জেনেরিক ওষুধ উৎপাদন ও রফতানি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যয় ও ওষুধের দাম বাড়তে পারে বলে মনে করেন তিনি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।

এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গত ১১ নভেম্বর জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে একটি নোটিশ জমা দেন সুলতানা জেসমিন। এলডিসি উত্তরণের পর দেশের রফতানি বাজার ও ওষুধশিল্পে সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবিলায় সরকারের প্রস্তুতির বিষয়টি নোটিশে তুলে ধরা হয়েছে।

নোটিশটি সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকলেও শেষ পর্যন্ত সংসদে উত্থাপিত হয়নি।

নোটিশে বলা হয়েছে, এলডিসিভুক্ত দেশগুলো জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), উন্নত দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে বিশেষ বাণিজ্যিক ও অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকে। এর মধ্যে রয়েছে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা, সহজ শর্তে বৈদেশিক সহায়তা ও ঋণ এবং কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা। এসব সুবিধা সংশ্লিষ্ট দেশগুলোর শিল্পায়ন, রফতানি বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশও এলডিসি হিসেবে উন্নত দেশগুলোর বিভিন্ন বাজারে শুল্কমুক্ত পণ্য রফতানির সুবিধা ভোগ করে আসছে। বিশেষ করে তৈরি পোশাকসহ বিভিন্ন রফতানি পণ্য এসব সুবিধার কারণে আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম খরচে প্রতিযোগিতা করতে পারছে। তবে এলডিসি থেকে উত্তরণের পর এসব সুবিধা হারালে দেশের রফতানি খাতে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

দেশের ওষুধশিল্পের সম্ভাব্য সংকটের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছেন সুলতানা জেসমিন। নোটিশে বলা হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার মেধাস্বত্ববিষয়ক বাণিজ্য-সম্পর্কিত অধিকার (ট্রিপস) চুক্তির আওতায় এলডিসিভুক্ত দেশগুলো বিশেষ নমনীয়তা পেয়ে থাকে। এ সুবিধার কারণে বাংলাদেশ নির্দিষ্ট শর্তে পেটেন্টধারী প্রতিষ্ঠানের অনুমতি বা রয়্যালটি ছাড়াই পেটেন্টকৃত ওষুধের জেনেরিক সংস্করণ উৎপাদনের সুযোগ পাচ্ছে।

তবে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক মেধাস্বত্ববিধি আরও কঠোরভাবে অনুসরণের বাধ্যবাধকতা তৈরি হতে পারে। এতে পেটেন্টধারী প্রতিষ্ঠানের অনুমতি ও রয়্যালটি ছাড়া জেনেরিক ওষুধ উৎপাদন এবং রফতানির সুযোগ সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে নতুন ওষুধ উৎপাদনের ব্যয় বাড়তে পারে, যার প্রভাব দীর্ঘমেয়াদে দেশের স্বাস্থ্যসেবা ও ওষুধের বাজারেও পড়তে পারে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে জেনেরিক ওষুধ উৎপাদনে শক্তিশালী অবস্থানে রয়েছে। এই সক্ষমতা ধরে রাখতে এলডিসি উত্তরণের পর ওষুধ উৎপাদনের আগে সংশ্লিষ্ট পেটেন্টের অবস্থা ও লাইসেন্সসংক্রান্ত শর্ত যাচাই করা জরুরি হবে। এ জন্য ওষুধ কোম্পানিগুলোর পেটেন্ট অনুসন্ধান, উৎপাদনের আইনি স্বাধীনতা যাচাই, লাইসেন্স নিয়ে আলোচনা এবং মেধাস্বত্ব আইন মেনে চলার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট ও শিল্পনকশা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিচার বিভাগ ও প্রশাসনের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে। পেটেন্ট পরীক্ষা এবং মেধাস্বত্বের অধিকার কার্যকর করতে দক্ষ জনবল ও প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।

নোটিশে বিগত সরকারের এলডিসি উত্তরণের আবেদন নিয়েও সমালোচনা করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে নিজেদের ব্যর্থতা আড়াল এবং সরকারকে সফল হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য-পরিসংখ্যান ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তরণের আবেদন করা হয়েছিল।

নোটিশে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি উত্তরণের নির্ধারিত তারিখ ছিল। তবে বর্তমান নির্বাচিত সরকারের উদ্যোগে গত ৩০ অক্টোবর উত্তরণের সময়সীমা পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে প্রস্তুতির জন্য বাংলাদেশ অতিরিক্ত সময় পেলেও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন সংসদ সদস্য।

নোটিশের শেষাংশে এলডিসি-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় একটি সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় সংসদকে অবহিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুলতানা জেসমিন।