ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সহযোগীদের বিরুদ্ধে দেশে নাশকতা এবং বিদেশে বাংলাদেশবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তা মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। এ লক্ষ্যে নিউইয়র্ক, লন্ডন, জেনেভা, প্যারিস, বার্লিন, টোকিও ও নয়াদিল্লিসহ গুরুত্বপূর্ণ রাজধানীতে জনসংযোগ, লবিং ও আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব করেছেন তিনি। পাশাপাশি সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের কথাও বলেছেন।
এ বিষয়ে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে সাধারণ আলোচনার জন্য গত ১১ নভেম্বর সংসদ সচিবের কাছে নোটিশ জমা দেন মীর আহমাদ বিন কাসেম। তবে সোমবার (১৬ নভেম্বর) সংসদের কার্যতালিকায় থাকলেও নোটিশটি বৈঠকে উত্থাপিত হয়নি।
নোটিশে দাবি করা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশের অভ্যন্তরে ককটেল হামলা, অগ্নিসংযোগ, মিছিল ও বিভিন্ন নাশকতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে বিদেশে জনসংযোগ ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা চালাচ্ছে। এসব কার্যক্রমে লুণ্ঠিত ও পাচার করা অর্থ ব্যবহারের অভিযোগও তুলেছেন সংসদ সদস্য।
নোটিশে আরও অভিযোগ করা হয়, আয়নাঘর, গুম, বিচারবহির্ভূত হত্যা, জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিরাই জাতিসংঘের মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংসদীয় ফোরাম ও বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ধরছে। দেশের অভ্যন্তরে সৃষ্ট বিশৃঙ্খলাকে বিদেশে রাষ্ট্রীয় নিপীড়নের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
মীর আহমাদ বিন কাসেমের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ত্রয়োদশ জাতীয় সংসদকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করা। তাঁর মতে, এ ধরনের প্রচারণা মোকাবিলায় সরকারের প্রচলিত কূটনৈতিক উদ্যোগ যথেষ্ট নয়। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে আরও সক্রিয় ও সমন্বিত যোগাযোগ কৌশল প্রয়োজন।
এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজধানীগুলোতে শীর্ষস্থানীয় জনসংযোগ, লবিং ও আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব দিয়েছেন তিনি। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সমন্বয়ে বাংলাদেশের পক্ষে একটি অভিন্ন বার্তা-কাঠামো তৈরির সুপারিশ করেছেন।
নোটিশে আন্তর্জাতিক অঙ্গনে গুমের শিকার ব্যক্তিদের পরিবার, জুলাইয়ে নিহত ও আহতদের স্বজন এবং গোপন বন্দিশালা থেকে ফিরে আসা ব্যক্তিদের সাক্ষ্য মর্যাদার সঙ্গে তুলে ধরার প্রস্তাবও রয়েছে। এসব কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছে।
নোটিশের শেষাংশে জাতীয় গুরুত্ব ও সময়ের সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুযায়ী আসন্ন অধিবেশনে বিষয়টি নিয়ে সংসদে আলোচনার আহ্বান জানানো হয়েছে।

