বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৭, ২০২৬, ৬:১২ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রা, সৌদি জোটের সামরিক কমান্ডে রদবদল

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রা, সৌদি জোটের সামরিক কমান্ডে রদবদল

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দ্রুত অগ্রযাত্রা এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর পিছু হটার মধ্যে সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছে সৌদি আরব। দেশটির জয়েন্ট ফোর্সেসের কমান্ডার পরিবর্তন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সেনাপ্রধানকে।

সোমবার সৌদি বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় ফরমানের মাধ্যমে এ রদবদল করা হয়। সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলে জয়েন্ট ফোর্সেসের কমান্ডারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ আল-রুয়াইলি।

পশ্চিমা দুই কূটনীতিক এই পরিবর্তনকে ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক পরিস্থিতি এবং হুথিদের অগ্রগতির সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছেন। তবে এ বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে গত গ্রীষ্মে ইয়েমেনের দীর্ঘদিনের স্থবির গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে দ্রুত বিভিন্ন এলাকা দখল করছে হুথিরা। গত অক্টোবরে পাল্টা অভিযানে কিছু এলাকা পুনরুদ্ধার করেছিল সরকারি বাহিনী। তবে রবিবার ইয়েমেনি সরকার জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের নিরাপত্তা নিশ্চিত করতে বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, সোমবার হুথি যোদ্ধারা এডেনের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে উপকূলীয় খোর ওমাইরাহ এলাকায় পৌঁছেছে। একই সঙ্গে কাওয়াহ এলাকায় সরকারি বাহিনীর অবস্থান থেকে তাদের দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ কিলোমিটারে।

এদিকে এডেন শহরে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শহরটির সরকারি কর্মচারী আমিন মাহমুদ টেলিফোনে জানান, খাদ্য ও জ্বালানি সরবরাহ এখনো স্বাভাবিক রয়েছে। তবে সরকারি বাহিনীর পিছু হটা এবং শহরের কাছাকাছি যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সরকারি তিনটি সূত্র জানিয়েছে, এ মুহূর্তে এডেন ও লাহজ প্রদেশের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি হারানো এলাকা পুনরুদ্ধারে সামরিক বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজনৈতিক ও সংঘাত বিশ্লেষক মোহাম্মদ আল-কাদি পরিস্থিতিকে সরকারের জন্য বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, হুথিরা ক্রমেই এডেনের কাছাকাছি চলে আসায় শহরটি গুরুতর হুমকির মুখে পড়েছে। একসময় সরকারি বাহিনীর লক্ষ্য ছিল রাজধানী সানা পুনরুদ্ধার করা। কিন্তু পরিস্থিতির অবনতিতে এখন তাদের এডেন রক্ষায় মনোযোগ দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি পক্ষের দীর্ঘদিনের বিভক্তি ও অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ কাজে লাগাচ্ছে হুথিরা।

সূত্র: রয়টার্স