স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করেছেন চিকিৎসকরা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে এ চিকিৎসা সম্পন্ন হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে রোববার দুটি ব্লকে স্টেন্ট স্থাপন করা হয়। অপর ব্লকটি বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি (ডায়ালেশন) প্রয়োগ করে চিকিৎসা করা হয়েছে।
প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে পুরো চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
পবন চৌধুরী আরও জানান, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

