বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৭, ২০২৬, ৬:২১ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে মাদক চোরাচালান বন্ধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সচিবালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা।

বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। পাশাপাশি মাদক কারবারের অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন তিনি।

সীমান্ত নিরাপত্তা জোরদারে উন্নত দেশের আদলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন হুইপ রকিবুল ইসলাম। এ ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সবার আগে সামাজিক বিপ্লব প্রয়োজন। এটি শুধু কোনো মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়, বরং সমন্বিত জাতীয় উদ্যোগের বিষয়।

বৈঠকে মাদকসংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের রুট চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।

মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা। এ লক্ষ্যে যৌথ নজরদারি ও অভিযান জোরদারের পাশাপাশি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।