মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতা দমনে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষকসমাজ এবং স্থানীয় পঞ্চায়েত কমিটিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
শনিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। আলোচনার বিষয় ছিল ‘মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’।
এসময় অপরাধ দমনে পুলিশের সাফল্য তুলে ধরে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে একাধিক শীর্ষ অপরাধী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তবে অপরাধের স্থায়ী সমাধানে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানো জরুরি।
তিনি বলেন, আমাদের বিরুদ্ধে কথা হচ্ছে যে আমরা মাদক ব্যবসায়ীদের ধরি কিনা? আমরা কিন্তু অনেক মাদক ব্যবসায়ীকে ধরেছি। যেমন আলোচিত রাজ্জাক ও তার দুই ছেলে, টাইগার মোমেন, ব্ল্যাক জনি, বন্দরের শিফাত বাহিনীর পুরো বাহিনী, চোনপাড়ার শামীম, শ্যুটার রিয়াজ, ‘কুত্তা শ্রাবন’, চশমা সোহেল ও সুমনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা এখন হাজতে আছে।
জিমখানা ও চাষাঢ়া এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, একসময় জিমখানা মাদকের অভয়ারণ্য ছিল, এখন কিন্তু আর সেভাবে নেই। সিটি পার্কে এখন আপনারা নির্দ্বিধায় হাঁটতে পারবেন, সেখানে আমাদের পুলিশ প্রশাসন ভোরবেলা থেকেই মর্নিং মোবাইল ও ফুট পেট্রোল ডিউটি রাখে। চাষাঢ়া রেল স্টেশন মাদকমুক্ত রাখতেও আমাদের নিয়মিত অভিযান চলছে।
অপরাধ দমনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাদক নির্মূল করতে গেলে শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না। দেশে একসময় পরিবার পরিকল্পনা কর্মসূচি থাকলেও এখন তা নেই। গ্রামগঞ্জে কে কী করে তা সবাই জানলেও নারায়ণগঞ্জে এলাকার কার ছেলে কী করে তা কেউ কাউকে চেনে না। সন্ধ্যার পর সন্তান কেন পড়ার টেবিলে না থেকে বাইরে ঘুরছে, তা দেখার দায়িত্ব প্রত্যেক অভিভাবকের। এছাড়া স্কুল-কলেজের শিক্ষকদেরও ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের প্রতি কড়া নজর রাখতে হবে।
জেলার অপরাধ নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের আয়তন ও জনসংখ্যার তুলনায় জেলা পুলিশের সদস্যসংখ্যা খুবই কম। জেলখানার ধারণক্ষমতা মাত্র ৬০০ জন হলেও বর্তমানে সেখানে প্রায় ৩ হাজার ৬০০ বন্দি রয়েছেন। তাই দ্রুত নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালু করা এবং প্রতিটি জেলায় কিশোর সংশোধন কেন্দ্র ও সরকারি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা সময়ের দাবি।
নারায়নগঞ্জ জেলা সুজন সভাপতি ধীমান সাহা জুয়েল এর সভাপতিত্বে ও সুজন’র সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন,সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, আমরা নারায়ণগঞ্জবাসীর আহবায়ক হাজী নূর উদ্দিন, মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, এনসিপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শওকত আলী, ইসলামী আন্দোলন মহানগরের আমীর মুফতি মাসুম বিল্লাহ, সিপিবি’র জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু,নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

