বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ

সাঘাটায় মজলিশের খাবার খেয়ে নারী-শিশুসহ পাঁচ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

সাঘাটায় মজলিশের খাবার খেয়ে নারী-শিশুসহ পাঁচ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

গাইবান্ধার সাঘাটায় একটি মিলাদ ও মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আক্রান্তদের মধ্যে অনেকে ডায়রিয়া, বমি ও পেটব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেলা সদর হাসপাতাল ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় তাঁর ভাই বাবলু ব্যাপারী একটি মিলাদ ও মজলিশের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ও অনামন্ত্রিত মিলিয়ে প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নে আটার পিটালি ও ভাত পরিবেশন করা হয়। খাবার খেয়ে বাড়ি ফেরার পরপরই অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। এ ঘটনায় একটি পরিবারের এক বছর বয়সী শিশুসহ আটজন সদস্যও হাসপাতালে ভর্তি হয়েছেন।

কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, স্থানীয় ঐতিহ্যবাহী আটার পিটালি তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেই খাবার খেয়ে তাঁর বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তাঁরা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা আঃ রহিম বলেন, এমন ডায়রিয়ায় আক্রান্ত হননি—এমন মানুষের সংখ্যা খুবই কম। অনেকে হাসপাতালে না গিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে নারী, শিশু ও পুরুষসহ ৩৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আক্রান্ত ব্যক্তিরা সঠিক সময়ে চিকিৎসা নেওয়ায় বড় ধরনের ঝুঁকি কমেছে।

স্টাফ রিপোর্টার: