ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জের সকল উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্ব ও নির্দেশনায় জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ, সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, বিভিন্ন সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ হাটবাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে নিজ নিজ কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় বিভিন্ন সড়ক, ড্রেন, জলাশয় ও জনসমাগমস্থলের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের আওতায় মশার ওষুধ ছিটানো হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; বরং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অপরিহার্য। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, অব্যবহৃত পাত্র ও পরিত্যক্ত সামগ্রীতে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গুর ঝুঁকি হ্রাস এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের এ সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

