পশ্চিমবঙ্গবাসীর সংস্পর্শ থেকে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূলকে চিরতরে দূরে সরিয়ে রাখার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, রাজ্যে এই দলগুলো যেন আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সে বিষয়ে তিনি দৃঢ়তার সঙ্গে কাজ করবেন।
অবাঙালিদের অন্যতম প্রধান উৎসব ছটপূজার প্রাক্কালে হাওড়ার কাজীপাড়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। এ বছর রাজ্যে অত্যন্ত বড় পরিসরে ছটপূজা উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ৩৪ বছর ধরে রাজ্য শাসন করা কমিউনিস্টরা বই বিক্রিতে ওস্তাদ হলেও তিলক পরার কথা বললে সবসময় মুখ ফিরিয়ে নেয়। অতীতে রামনবমীর মিছিল ও অন্যান্য হিন্দু ধর্মীয় উৎসবে সাবেক তৃণমূল সরকার বাধা দিত বলে অভিযোগ করে তিনি জানান, বর্তমানে এই ধরনের কার্যক্রমে আর কোনো বাধা বা সমস্যা নেই।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে বিপুল জয় এবং প্রায় ৭০ শতাংশ মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে জয়ের উদাহরণ টেনে তিনি দাবি করেন, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ও এখন সরকারের সঙ্গেই রয়েছে।
সাবেক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বাংলার ঐতিহ্য ধ্বংস করার গুরুতর অভিযোগ এনে শুভেন্দু অধিকারী বলেন, ওই সরকার বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষদের ‘বহিরাগত’ তকমা দিয়ে দূরে সরিয়ে রাখলেও ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ জামাই আদরে সব ধরনের সুযোগ-সুবিধা দিত।
বিজেপিকে ‘অবাঙালিদের দল’ হিসেবে বিরোধীদের প্রচারের কঠোর জবাব দিয়ে তিনি পালটা অভিযোগ করেন যে, গত ১৫ বছরে তৃণমূল সরকার ২০ থেকে ৩০ হাজার কোটি রুপি অবৈধ উপায়ে দেশের বাইরে পাচার করেছে।
হাওড়ার অনুষ্ঠান শেষে বাঁকুড়ার রায়পুরে আরেকটি জনসভায় যোগ দিয়ে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নের জোরালো প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, বাম ফ্রন্ট ও তৃণমূল—উভয় আমলেই আদিবাসী-অধ্যুষিত এই অঞ্চল চরম অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে।
গত অর্থবর্ষে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে মাত্র ছয় কোটি রুপি খরচের তীব্র সমালোচনা করে তিনি ঘোষণা দেন, চলতি অর্থবর্ষের অবশিষ্ট আট মাসে এই পর্ষদের মাধ্যমে জঙ্গলমহলের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নে ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয় করা হবে। এছাড়া বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য রক্ষায় গঠিত উন্নয়ন বোর্ডগুলোর বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি রুপি করা হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যেই সব বোর্ড গঠনের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গে ‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূল রাজনীতি করতে পারবে না: শুভেন্দু অধিকারী
