বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৩, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ

১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান

১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান

১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাস্তবতায় গড়ে ওঠা জাতিসংঘের বর্তমান কাঠামো দিয়ে আজকের পরিবর্তিত বিশ্ব পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন এলেও নিরাপত্তা পরিষদের কাঠামো এখনো আগের মতোই রয়ে গেছে। তাই বিশ্বব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান’-এ এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদ সংস্কার, রোহিঙ্গা গণহত্যার বিচার, আন্তর্জাতিক সংঘাত এবং মাঠপর্যায়ে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে কথা বলেন ড. খলিলুর রহমান।
নিরাপত্তা পরিষদের আধুনিকায়ন ও শক্তিধর দেশগুলোর একক কর্তৃত্ব নিয়ে সাংবাদিক জাফর হাসনাইনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময়কার বাস্তবতার সঙ্গে বর্তমান বিশ্বের ব্যাপক পার্থক্য রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক ক্ষমতার বিন্যাসে অনেক পরিবর্তন এসেছে। অথচ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও কাঠামো এখনো অপরিবর্তিত রয়েছে।
নিরাপত্তা পরিষদ সংস্কারের বিষয়ে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি ইতোমধ্যে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন বলেও জানান।
আফ্রিকার প্রতিনিধিত্বের প্রশ্নে ড. খলিলুর রহমান বলেন, ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় বৈষম্যের শিকার মহাদেশগুলোর একটি আফ্রিকা। নিরাপত্তা পরিষদে আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও সিদ্ধান্ত গ্রহণের টেবিলে মহাদেশটির কোনো স্থায়ী প্রতিনিধিত্ব নেই। তাঁর ভাষায়, ‘আফ্রিকাকে সিদ্ধান্তের টেবিলে থাকতে হবে, তারা কোনো মেনু হতে পারে না।’
তিনি বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী বা অস্থায়ী সদস্যপদের কাঠামো পরিবর্তন করতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ জন্য নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি প্রয়োজন। ফলে রাতারাতি এ সংস্কার সম্ভব নয়, বরং ধাপে ধাপে এগোতে হবে। তাঁর সভাপতিত্বের মেয়াদে সংস্কার আলোচনায় দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্য রয়েছে।
বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত প্রস্তাব নিরাপত্তা পরিষদে ভেটোর মুখে আটকে যাওয়ার বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের স্বার্থের সংঘাত ও ভেটো প্রয়োগের কারণে গুরুত্বপূর্ণ অনেক আন্তর্জাতিক সংকটে পরিষদ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, জাতিসংঘ সনদে সদস্য রাষ্ট্র বহিষ্কারের বিধান থাকলেও ইতিহাসে এর প্রয়োগ অত্যন্ত বিরল। অতীতে চীন প্রজাতন্ত্রের (তাইওয়ান) পরিবর্তে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে চীনের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো সদস্য রাষ্ট্রকে সরাসরি বহিষ্কারের নজির নেই।
রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, জাম্বিয়া বনাম মিয়ানমার মামলার বিষয়ে আগামী ১৯ নভেম্বর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ও আইন লঙ্ঘনের ঘটনায় আইসিজে তার বিচারিক এখতিয়ার অনুযায়ী ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে সমালোচনার জবাবে ড. খলিলুর রহমান বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থার সঙ্গে মাঠপর্যায়ে জাতিসংঘের মানবিক ও সেবামূলক কার্যক্রমকে এক করে দেখা ঠিক নয়। জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তা বাস্তবসম্মত নয়। কারণ আজ সংস্থাটি বিলুপ্ত করা হলে বিশ্বশান্তি ও সহযোগিতার স্বার্থে আগামীকালই আবার নতুন করে এমন একটি সংস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলা ও বৈশ্বিক সমস্যার সমাধানে বিশ্বের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ এখনো জাতিসংঘের ওপর আস্থা রাখে।
মাঠপর্যায়ে জাতিসংঘের অবদানের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়নে তীব্র সংকট থাকলেও জাতিসংঘের কান্ট্রি টিম উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছিল। এ কাজে স্থানীয় প্রতিষ্ঠান, জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদেরও যুক্ত করা হয়েছিল। এতে অর্থসংকটের মধ্যেও সেবা কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হয়, এমনকি কিছু ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল।
সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ কঙ্গো সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশটির সরকার, জাতিসংঘের স্থানীয় দল এবং দাতা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁদের মতে, কঙ্গোয় সাধারণ মানুষের জীবন রক্ষা ও সেবা প্রদানে জাতিসংঘের কান্ট্রি টিম কার্যকর ভূমিকা রাখছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন জাতিসংঘের বহুপক্ষীয় প্রক্রিয়ারই অংশ। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা, তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে প্রভাবশালী ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একই প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি করে জাতিসংঘ। সংস্থাটির অনুপস্থিতিতে এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা সম্ভব হতো না।
জাতিসংঘের বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার পর নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। অতীতে নয়বার মহাসচিব নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ করা প্রার্থীদেরই সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে নিয়োগ দিয়েছে।