যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ, পলায়ন এবং ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে বিভাগীয় তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ধরনের অভিযোগে পুলিশের আরেক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সাতটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন।
প্রলয় কুমার জোয়ারদার একসময় যশোর জেলা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় তার বরখাস্তের খবরটি জেলার মানুষের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। ২০২১ সালের ২১ জানুয়ারি তিনি যশোরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ৮ জুলাই নবাগত পুলিশ সুপার মো. মাসুদ আলমের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে তিনি নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। যশোর থেকে বদলির সময় তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন।
যশোরে দায়িত্ব পালনকালে অপরাধ দমন ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমের কারণে তিনি আলোচনায় ছিলেন। ২০২৪ সালের জুনে তার পদোন্নতি ও বদলির আদেশের পর যশোর জেলা পুলিশের দায়িত্ব থেকে বিদায় নেন। পরবর্তী সময়ে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হিসেবে কর্মরত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রলয় কুমার জোয়ারদার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা পালন করেননি। পরবর্তী সময়ে তার স্থায়ী ঠিকানা ও ই-মেইলে একাধিকবার যোগাযোগ এবং নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বিভাগীয় মামলার তদন্তে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান।
প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক ডিএমপি উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২৫ সালের ১৭ এপ্রিল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ২৩ এপ্রিল তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
এএসপি মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। প্রজ্ঞাপনের বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২৩ আগস্ট তিনি দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে যথাযথ অনুমতি ছাড়াই দিনাজপুরে একটি অভিযোগ অনুসন্ধানে যান। সেখানে লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে বিভিন্ন স্থানে ঘোরানো হয়।
পরে তাদের একজনের পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রেখে মুঠোফোনে টাকা দাবি করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাকে সহযোগীদেরসহ আটক করে। পরবর্তী সময়ে বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এএসপি মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে অসদাচরণ ও কর্মস্থল থেকে পলায়নের অভিযোগ আনা হয়। তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় ২-এপিবিএনে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার অনুমতি নেন। তবে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য দেন। চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দিলেও কর্মস্থলে যোগ দেননি। বিভাগীয় তদন্তে তার অননুমোদিত অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ১৮ সেপ্টেম্বর তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন বন্ধ থাকায় কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। স্থায়ী ঠিকানায় তিনটি নোটিশ পাঠানো হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকাকালে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। প্রজ্ঞাপনে বলা হয়, অনুপস্থিতির সময় তিনি হোয়াটসঅ্যাপে এক পুলিশ পরিদর্শককে তার দায়িত্ব বুঝে নিতে এবং তাকে অসুস্থ হিসেবে দেখাতে বলেন। পরবর্তী সময়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও তিনি কাজে যোগ দেননি। দীর্ঘদিনের অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় তদন্তের পর প্রথমে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে অভিযোগের গুরুত্ব ও সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় শাস্তির ধরন পরিবর্তন করে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নেওয়া এসব সিদ্ধান্তে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্বে অবহেলা এবং কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির বিষয়গুলো সামনে এসেছে। বিশেষ করে যশোরের সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বরখাস্তের ঘটনা জেলার পুলিশ প্রশাসনের সাবেক নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় স্থানীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।
জেমস আব্দুর রহিম রানা, যশোর প্রতিনিধি:

