বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৩, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ

মালিকানা বিরোধে চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের চেম্বার বন্ধ

মালিকানা বিরোধে চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের চেম্বার বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মালিকানা নিয়ে বিরোধের জেরে অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গঠনতন্ত্র ও শৃঙ্খলা লঙ্ঘন করে শেয়ার হস্তান্তরের অভিযোগে তাকে চেম্বার বন্ধের নোটিশ দেওয়া হয়। একই দিন সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) জেলা শাখার সহসভাপতির পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান ১৫ থেকে ২০ জন লোক নিয়ে হাসপাতালে গিয়ে মালিকানা দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, গঠনতন্ত্র অমান্য করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ডা. ইসমাইল হোসেন তার শেয়ার অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করেছেন। পরবর্তী সময়ে ওই শেয়ার হাতবদল হয়ে বিএনপি নেতা ওবায়েদ পাঠানের কাছে গেছে বলে দাবি করা হচ্ছে। এতে হাসপাতালের মালিকানা নিয়ে জটিলতা ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে।

ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. আল মামুন বলেন, হাসপাতালের গঠনতন্ত্র অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরের কারও কাছে শেয়ার বিক্রি বা মালিকানা হস্তান্তরের সুযোগ নেই। কয়েকজন শেয়ারহোল্ডার নিয়ম মেনে শেয়ার হস্তান্তর করলেও ডা. ইসমাইল কর্তৃপক্ষকে না জানিয়ে রবি নামের এক ব্যক্তির কাছে শেয়ার হস্তান্তর করেন। পরে ওই ব্যক্তি ওবায়েদ পাঠানের কাছে শেয়ার বিক্রি করেছেন বলে দাবি করা হচ্ছে। এ ধরনের হস্তান্তর সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

তিনি আরও বলেন, বুধবার ওবায়েদ পাঠান লোকজন নিয়ে হাসপাতালে এসে হিসাব শাখায় মালিকানা দাবি করেন এবং শেয়ারহোল্ডারদের তালিকা ও হাসপাতালের হিসাব-নিকাশ চান। ডা. ইসমাইলের কাছ থেকে শেয়ার কেনার দাবি করে আরও ২০ থেকে ২৫ ব্যক্তি মালিকানা দাবি করছেন। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মালিকানা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডা. ইসমাইলের চেম্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডা. আল মামুনের ভাষ্য, এর প্রায় এক মাস আগেও রবি ও তার কয়েকজন সহযোগী হাসপাতালে এসে মালিকানা দাবি করেছিলেন। তখন এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পুলিশ তদন্ত শেষে মামলা করেছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। বুধবারের ঘটনার বিষয়েও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলেন, সম্প্রতি তিনি রবি নামের এক ব্যক্তির কাছ থেকে হাসপাতালের শেয়ার কিনেছেন। হাসপাতালে একটি চক্র অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে, এমন অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। এ সময় হিসাব শাখায় সব মালিকের তালিকা চান। পাশাপাশি সব শেয়ারহোল্ডারকে নিয়ে সাধারণ সভা করে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নির্বাচনের পরিকল্পনা রয়েছে।

তিনি দাবি করেন, হাসপাতাল দখল করতে নয়, বৈধ মালিকানা থাকায় নিয়মতান্ত্রিকভাবেই সেখানে গিয়েছিলেন। অথচ কোনো পূর্ব নোটিশ ছাড়াই অবৈধভাবে ডা. ইসমাইলের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে ডা. ইসমাইল হোসেনের দাবি, বর্তমানে হাসপাতালটিতে তার কোনো শেয়ার নেই। অনেক আগেই তিনি শেয়ার হস্তান্তর করেছেন। পরবর্তী সময়ে ওই শেয়ার যিনি কিনেছেন, তিনিই বর্তমানে এর মালিক। ব্যক্তিগত আক্রোশ থেকেই একটি পক্ষ তার চেম্বার বন্ধ করেছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে হাসপাতালের বর্তমান চেয়ারম্যানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার ডা. ইসমাইলকে এনডিএফের জেলা শাখার সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনটির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, এ বিষয়ে উভয় পক্ষ থানায় এসেছিল। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে জেলা হাসপাতালসংলগ্ন ম্যাক্স হাসপাতালে অনুমতি ছাড়া ব্যবসায়িক অংশীদার ও শেয়ারহোল্ডার হওয়া, সরকারি কর্মস্থলে দায়িত্ব পালন না করে অফিস সময়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে। ওই ঘটনার পর তিনি দ্রুত ক্লিনিকের শেয়ার বিক্রি করে দেন বলে জানা গেছে।