বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৩, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বিপর্যয়, অচল বহু প্রতিষ্ঠানের কার্যক্রম

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বিপর্যয়, অচল বহু প্রতিষ্ঠানের কার্যক্রম

বিশ্বজুড়ে বড় ধরনের কারিগরি সমস্যায় পড়েছে মাইক্রোসফটের জনপ্রিয় ই-মেইল সেবা আউটলুক ও যোগাযোগ প্ল্যাটফর্ম টিমস। বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হওয়া এ বিভ্রাটে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, সার্ভারের জটিলতা কাটিয়ে সেবাগুলো স্বাভাবিক করার চেষ্টা চললেও পুনরুদ্ধার কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। দীর্ঘ সময় ধরে ট্রাফিক ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা তৈরি হওয়ায় সার্ভারের সক্ষমতা বাড়াতে বিকল্প পথ খুঁজছে প্রতিষ্ঠানটি।

ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে পরিস্থিতি সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছায়। এ সময় দেশটিতে আউটলুক ব্যবহারে সমস্যার বিষয়ে ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। রাত সাড়ে ৯টা পর্যন্তও ২৫ হাজারের বেশি অভিযোগ সক্রিয় ছিল। শুক্রবার ভোরে ভারত, অস্ট্রেলিয়া ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশেও মাইক্রোসফটের একাধিক সেবা বিঘ্নিত হওয়ার তথ্য পাওয়া যায়।

মাইক্রোসফটের এক সার্ভিস হেলথ নোটিশে বলা হয়েছে, মাইক্রোসফট ৩৬৫-এর যেসব সুবিধা এক্সচেঞ্জ অনলাইন ও ই-মেইলের ওপর নির্ভরশীল, সেগুলোই মূলত এ সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এক্সচেঞ্জ অনলাইনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, এমন অন্যান্য সেবা সচল রয়েছে। এক্সচেঞ্জ অনলাইন মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক একটি মেসেজিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ই-মেইল, ক্যালেন্ডার ও যোগাযোগের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

এদিকে এ ঘটনার পেছনে সাইবার হামলার আশঙ্কা নাকচ করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও সাইবার নিরাপত্তামন্ত্রী টনি বার্ক। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাইক্রোসফটের ধারণা অনুযায়ী, এটি কোনো হ্যাকিং বা সাইবার আক্রমণের ঘটনা নয়। বরং কারিগরি ত্রুটির কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। ২০২৪ সালে ক্রাউডস্ট্রাইক সফটওয়্যারের আপডেটজনিত ত্রুটিতে বিশ্বজুড়ে যে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছিল, বর্তমান পরিস্থিতির সঙ্গে তার কিছুটা মিল রয়েছে।

টনি বার্ক আরও জানান, এ বিভ্রাটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ই-মেইল ব্যবস্থায়। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ও ফেডারেল পুলিশসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও এ সমস্যার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদও জানিয়েছে, তাদের ব্যবহারকারীরা বিভ্রাটে আক্রান্ত হয়েছেন। সমস্যা সমাধানে সংসদীয় প্রকৌশলীরা মাইক্রোসফটের সঙ্গে কাজ করছেন।

বিভ্রাটের শুরুতে মাইক্রোসফট জানিয়েছিল, আকস্মিকভাবে কয়েকটি সার্ভার অকার্যকর হয়ে পড়ায় এ সংকট তৈরি হয়েছে। তবে এর পেছনে অতিরিক্ত ট্রাফিকের ভূমিকা নেই বলে তখন জানানো হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রতিষ্ঠানটি জানায়, পুনরুদ্ধার করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে। ব্যবহারকারীরা পুনরায় সংযুক্ত হতে শুরু করায় ধীরে ধীরে সেবার মান উন্নত হচ্ছে।

মাইক্রোসফটের এ সমস্যার প্রভাব পড়েছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানেও। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের মাইক্রোসফট কানেক্টরে ত্রুটি দেখা দেওয়ায় নতুন সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে এবং বিভিন্ন টুল ঠিকভাবে কাজ করছে না। একইভাবে আরেক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক জানিয়েছে, আপস্ট্রিম প্রোভাইডারের সমস্যার কারণে তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টর সেবাও বিঘ্নিত হচ্ছে।

এ ছাড়া বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপের কার্যক্রমেও এর প্রভাব পড়েছে। ১২ নভেম্বর প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রযুক্তিগত বিভ্রাটের কারণে তা পিছিয়ে ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত মাসে মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। ওই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন সফটওয়্যার ও সংশ্লিষ্ট শিল্প খাতের কার্যক্রম ব্যাহত হয়।