দেশের সব অবৈধ ইটভাটার কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের পূর্ববর্তী নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারী পক্ষের তথ্য অনুযায়ী, সারা দেশে লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের দাবিতে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট দায়ের করে।
ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটা বন্ধে রুল জারির পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি দেওয়া পৃথক আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি বন্ধ থাকা অবৈধ ইটভাটাগুলো আবারও চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তথ্য পায় এইচআরপিবি। এ পরিস্থিতিতে সংগঠনটির পক্ষ থেকে গত সপ্তাহে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত নতুন করে এ নির্দেশনা দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ এবং ইটভাটার মালিকদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী।
আদেশের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ গণমাধ্যমকে জানান, অবৈধ ইটভাটা বন্ধে আদালতের আগের নির্দেশনা কতটা বাস্তবায়িত হয়েছে, সে বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

