বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১২, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। ফলে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়নি।

বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার ছাড়া অন্যরা তেমন প্রতিরোধ গড়তে পারেননি। ২০ বলে ২৭ রান করেন জ্যোতি। স্বর্ণার ব্যাট থেকে আসে ২১ রান। দলের সাত ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ হওয়ার পর জাওয়াল জুলফিকারকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সোবহানা মোস্তারি। ৬ বলে ১৬ রান করে ফেরেন জাওয়াল।

অন্য ওপেনার সাদাফ শামস ৩৭ বলে ৩৭ রান করে আউট হলেও জয়ের পথে আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। মুনিবা আলি ও আয়েশা জাফর তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। আয়েশা ৩১ এবং মুনিবা ২৭ রানে অপরাজিত থাকেন। ফলে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।