বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১২, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ

ভৌতিক বিলের ঘটনা ঘটলে সরকার ব্যবস্থা নেবে: বিদ্যুৎ মন্ত্রী

ভৌতিক বিলের ঘটনা ঘটলে সরকার ব্যবস্থা নেবে: বিদ্যুৎ মন্ত্রী
সংসদের কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি ভিডিও থেকে নেওয়া

স্মার্ট মিটার চালু হলে বিল তৈরিতে ভুল এবং কারসাজি কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একইসঙ্গে অতিরিক্ত বা ভৌতিক বিলের ঘটনা ঘটলে সরকার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য কামরুল হাসান জানান, মাসের মাত্র কয়েক দিন বিদ্যুৎ ব্যবহার করেও কোনও কোনও গ্রাহক অস্বাভাবিক বেশি বিল পাচ্ছেন। এমনকি ১৫ দিন বিদ্যুৎ ব্যবহার করে একটি পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকার বিল দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকার ইতোমধ্যে মিটার আমদানি করেছে। এসব মিটার স্থাপন করা হলে বিলের ভুল ও অনিয়ম কমানো সম্ভব হবে।
তিনি আরও জানান, মাগুরায় অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়ার ঘটনায় জেনারেল ম্যানেজারসহ দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিষয়ে গ্রাহকদের অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মসজিদের বিদ্যুৎ বিল প্রসঙ্গেমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয় না বলে মসজিদগুলোর কাছ থেকেও বিল নেওয়া শুরু হয়েছে। তবে যেসব মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া জমেছে, তারা কিস্তিতে পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবে।